টাওয়ার হ্যামলেটসের দু’টি হাউজিং প্রকল্প পেলো এনএলএ এওয়ার্ড

521

ওয়ানবাংলানিউজ ডেস্ক: টাওয়ার হ্যাসলেটস বারায় নতুন বাড়ি-ঘর নির্মানের দু’টি উদ্ভাবনী প্রকল্প চলতি বছরের অন্যতম বৃহত্তম স্বীকৃতি নিউ লন্ডন এওয়ার্ড (এনএলএ) জিতে নিয়েছে।

লন্ডনের সবচেয়ে উদ্ভাবনী স্থাপত্য উন্নয়নমূলক প্রকল্পগুলো নিয়ে প্রতি বছর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার মধ্য থেকে বাছাই করা হয় সেরা প্রকল্প। স্পিটালফিল্ডস এলাকার টয়েনবি হল এবং হ্যাকনি উইকের কুইনস্ ইয়ার্ড মিশ্র ব্যবহারের উদ্ভাবনী প্রকল্প হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে মেয়র জন বিগস বলেন, উদ্ভাবনী স্থাপত্য নকশা হিসেবে স্বীকৃতি লাভে আমরা আনন্দিত। এই ডিজাইনগুলোতে বারার সমৃদ্ধ ঐতিহ্যকে যেমন সংরক্ষণ করা হয়েছে, তেমনি দাতব্য ও কমিউনিটি সংগঠনগুলোর জন্য প্রয়োজনীয় সাশ্রয়ী মূল্যের আবাসন স্থান সরবরাহ করা হয়েছে।

মেয়র বলেন, বারার হাউজিং স্টক বা সকল বাড়ি ঘর উন্নত করতে এবং আমাদের বাসিন্দা ও ব্যবসায়িদের সহায়তার জন্য প্রয়োজনীয় অবকাঠামো সরবরাহ করতে আমরা ডেভেলপারদের সাথে কাজ করতে চাই।

কমার্শিয়াল স্ট্রিটে অবস্থিত গ্রেড টু হিসেবে তালিকাভূক্ত ভবনটি ঘিরে মিশ্র ব্যবহারের লক্ষ্যে একটি স্কীম তৈরী করতে চ্যারিটি সংস্থা টয়েনবি হল এবং ডেভেলপর কোম্পানী লন্ডন স্কোয়ার স্পিটালফিল্ডস কাউন্সিলের প্ল্যানিং টিমের সাথে মিলে কাজ করেছে।

এই প্রকল্পের মধ্যে রয়েছে লাল ইটের এই ভিক্টোরিয়ান ভবনটিকে পূণঃসংস্কার করার পাশাপাশি ৬৩টি নতুন প্রাইভেট এবং এফোর্ডেবল হোম বা সামর্থাধীন ঘর, নতুন বাণিজ্যিক স্থান এবং নতুন ডিজাইনের পকেট পার্ক গড়ে তোলা।

টয়েনবি হল চ্যারিটি পূর্ব লন্ডনে দারিদ্র বিমোচনে ১৩০ বছর ধরে কাজ করে যাচ্ছে। নতুন এই উন্নয়ন প্রকল্প এই গুরুত্বপূর্ণ কাজ অব্যাহত রাখতে তাদের সাহায্য করবে।

কেবিনেট মেম্বার ফর প্ল্যানিং কাউন্সিলর ইভ ম্যাকুইলান বলেন, টয়েনবি হলটি তার ভিক্টোরিয়ান জৌলুস আবার ফিরে পাচ্ছে দেখে আমরা আনন্দিত। তিনি বলেন, বারার পূর্বাংশে অবস্থিত কুইনস্ ইয়ার্ড ডেভেলপমেন্ট একইভাবে অত্যন্ত প্রয়োজনীয় আবাসন ও কমিউনিটি স্পেস সরবরাহ করবে।

এই পরিকল্পনার মধ্যে ১৪৩টি প্রাইভেট এবং এফোর্ডেবল হোম এর পাশাপাশি মিশ্র-ব্যবহার উপযোগী ওয়ার্কস্পেস, বাণিজ্যিক ইউনিট ইত্যাদি।