আইনি লড়াইয়ে এনআরবি ব্যাংকের পরিচালকদের একাংশ, চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্টের রায়

529

ওয়ানবাংলানিউজ ডেস্ক: যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী উদ্যোক্তাদের বিনিয়োগে প্রতিষ্ঠিত এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের বিরোধ তীব্র আকার ধারণ করেছে। অভিযোগ উঠেছে, প্রভাব খাটিয়ে এনআরবি ব্যাংকে একক আধিপত্য বিস্তার করেছেন চেয়ারম্যান মাহতাবুর রহমান। তার বিরুদ্ধে নানা দুর্নীতি, অনিয়মের অভিযোগে ফুঁসে উঠেছেন পরিচালকদের একাংশ। বিশেষ করে আগামী ২৩ ডিসেম্বর হতে যাওয়া ব্যাংকের সপ্তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঘিরে পরিচালক ও শেয়ারহোল্ডারদের মধ্যে বিরোধ আরো চাঙ্গা হয়েছে। এরই মধ্যে ব্যাংকটির চেয়ারম্যানের স্বেচ্ছাচারিমূলক আচরণের প্রতিকার চেয়ে আইনি লড়াইয়ে নেমেছেন কয়েকজন পরিচালক। উচ্চ আদালতে তিনটি মামলা দায়ের হয়েছে। এর মাঝে একটি মামলার শুনানি শেষে বিচারক আবেদনকারীদের পক্ষে আদেশ দিয়েছেন। করোনা পরিস্থিতিতে ব্যাংকের কয়েক দফায় এজিএম এর তারিখ পরিবর্তন হলেও প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখতে নির্বাচনে প্রার্থীতা জমায় নেওয়া হয়েছে কৌশলের আশ্রয়। আর এই বিষয় নিয়েই আদালতের দ্বারস্থ হয়ে প্রাথমিক জয় পেয়েছেন আবেদনকারীরা।

এনআরবি ব্যাংকের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ১০৯ ধারা অনুযায়ী ব্যাংকটির যে কোনো শেয়ারহোল্ডার পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রার্থী হতে পারেন। সে হিসেবে গত ১৩ অক্টোবর ব্যাংকটির পরিচালক হতে সাতজন বিনিয়োগকারী প্রার্থী হন। কিন্তু কয়েক দফায় এজিএমের তারিখ পেছানোয় প্রার্থীদের মধ্যে ছয়জন গত ১৫ অক্টোবর নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেন। এ ছয় উদ্যোক্তা এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমানের বিরোধী হিসেবে পরিচিত। তারা হলেন রবিন পাল, মেজবাহ আবু সাদাত, আবু তাহের মোহাম্মদ আমানুল্লাহ, নাসরাত খলীল চৌধুরী, আমিনুর রশিদ খান ও পরিচালক পদে পুননির্বাচিত কামাল আহমেদ।

প্রার্থীতা প্রত্যাহার করা উদ্যোক্তাগণ বলছেন, ব্যাংকের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের বিধান অনুযায়ী এজিএমের নির্ধারিত তারিখের সাতদিন আগে পরিচালক হওয়ার জন্য মনোনয়ন ফরম জমা দেয়ার কথা। এ বিবেচনায় এজিএম পেছানোয় তারা প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। কিন্তু চেয়ারম্যান ও তার অনুগত পরিচালকরা ষড়যন্ত্র করে নিজেদের পছন্দের ছয়জন বিনিয়োগকারীকে প্রার্থী করে দিয়েছেন। এজিএমে শেয়ারহোল্ডারদের ভোটে হেরে যাওয়ার ভয়েই চেয়ারম্যান মাহতাবুর রহমান এমনটি করেছেন।

আইন অনুযায়ী এজিএমে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য উচ্চ আদালতে মামলা করেন ব্যাংকটির তিন শেয়ারহোল্ডার আবু তাহের মোহাম্মদ আমানুল্লাহ (ফোলিও নং-৪৪), নাসরাত খলীল চৌধুরী (ফোলিও নং-৫২) ও আমিনুর রশিদ খান (ফোলিও নং-৫৪)। হাইকোর্টেও বিচারক মোহাম্মদ খুরশিদ আলম সরকারের কোম্পানি বেঞ্চে মামলাটি দায়ের করা হয়। এ মামলার শুনানি শেষে বিচারক আবেদনকারীদের পক্ষে আদেশ দিয়েছেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সাজেদ সামি আহাম্মেদ বলেন, এনআরবি ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের আইনগত অধিকার ক্ষুণœ করে প্রার্থী হওয়ার পথই রুদ্ধ করে দিয়েছেন। ভুক্তভোগীরা কয়েক দফায় ব্যাংকটির চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে নিজেদের দাবির কথা জানিয়েছিলেন। তার পরও প্রার্থী হওয়ার সুযোগ না দেয়ায় ভুক্তভোগীদের পক্ষে আমি এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যাংকটির নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিস দেই। নোটিসের কোনো জবাব না পাওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের কোম্পানি বেঞ্চে মামলা করতে বাধ্য হয়েছি। গত বৃহস্পতিবার আদালত মামলার শুনানি করে আবেদনকারীদের পক্ষে আদেশ দিয়েছেন। আদালত বলেছেন, ২৩ ডিসেম্বর এনআরবি ব্যাংকের এজিএমের সাতদিন আগে ব্যাংকটির যেকোনো শেয়ারহোল্ডার প্রার্থী হতে পারবেন। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যাংকটির প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন।