আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছেই। বাড়ছে মৃতের সংখ্যাও। থ্যাংকস গিভিং উপলক্ষে লাখ লাখ মানুষ সফর করে থাকেন। এ অবস্থার মধ্যে এই সফরকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি। তিনি বলেছেন, থ্যাংকস গিভিংয়ের ফলে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের ওপর আরো বেশি মানুষ আক্রান্ত হবে। কোভিড ট্রাকিং প্রজেক্ট শনিবার রাতে রিপোর্ট করেছে যে, করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন দুই লাখ ১১ হাজার মানুষ। মারা গেছেন ২৪৪৫ জন। যুক্তরাষ্ট্রে এখন হাসপাতালে ভর্তি আছেন করোনায় আক্রান্ত এক লাখ এক হাজার ১৯০ জন।
নতুন ডাটায় দেখা যাচ্ছে, আক্রান্তদের মধ্যে অল্প সংখ্যক হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর কারণ, যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থায় আর রোগী নেয়া সম্ভব হচ্ছে না। অথবা হাসপাতালগুলো রোগীতে সয়লাব। ফলে স্থান সংকুলান হচ্ছে না। তবে অন্য দুটি ডাটা সেট থেকে দেখা যায়, একবার করোনা পরীক্ষা করা হয়েছে এমন রোগীর শতকরা হার কমে আসছে। বসন্ত বা গ্রীষ্মের সময়ে যেসব মানুষ করোনায় আক্রান্ত হয়েছিলেন, হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদেরকে এখন ফিরিয়ে দেয়া হচ্ছে। মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও হাসপাতালগুলো রোগী ভর্তির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে। সাতদিনে করোনা ভাইরাসে মৃতের গড় দাঁড়িয়েছে ২১২৩। গবেষণায় দেখা গেছে, ২১ শে এপ্রিল এই হার রেকর্ড করা হয়েছিল ২১১৬। অর্থাৎ মৃত্যুর হার এখন বৃদ্ধি পেয়েছে।
ওদিকে বিশ্বের মধ্যে প্রথম দেশ হিসেবে ফাইজারের করোনার টিকা অনুমোদন দিয়েছে বৃটেন। ৯৪ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী প্রিন্স ফিলিপকে (৯৯) এই টিকা দেয়ার কথা রয়েছে। কিন্তু এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) বৃহস্পতিবার বৈঠকে বসছে । এদিন এফডিএ করোনার টিকা অনুমোদন দিলে তা দ্রুত সবার মাঝে পৌঁছে দেয়ার পরিকল্পনা নিয়েছে মার্কিন সরকার। কিন্তু এফডিএর এমন প্রক্রিয়াকে কচ্ছপগতি বলে আখ্যায়িত করেছেন জনস হপকিনস ইউনিভার্সিটির প্রফেসর মার্টি ম্যাকারি। দ্য ডিসপ্যাচে তিনি এক মন্তব্য কলামে লিখেছেন, টিকা অনুমোদন দেয়ার গতি জরুরি ভিত্তিতে বাড়ানো উচিত। এক্ষেত্রে মূল্যবান সময় নষ্ট করছে এফডিএ নিয়ন্ত্রকরা, যখন প্রতিদিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে ২০০০ মানুষ মারা যাচ্ছেন। তবে এফডিএর সমালোচনা থেকে বিরত রয়েছেন ড. অ্যান্থনি ফাউচি। শুক্রবার রাতে তিনি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি আরো ভয়াবহতার দিকে যাচ্ছে। থ্যাংকগিভিং উপলক্ষে আরো কঠোর পদক্ষেপ নেয়া হতে পারে। যেমন নির্বাচনী প্রক্রিয়া বন্ধ বা সাময়িক স্থগিত করে দেয়া হতে পারে জনস্বাস্থ্য রক্ষার জন্য। তিনি আরো বলেছেন, অব্যাহতভাবে যদি আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকে, তাহলে যুক্তরাষ্ট্রে আক্রান্তের ওপর আক্রান্ত বাড়তে থাকবে।















