আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানোর পর সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের কঠোর সমালোচনা করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভিত্তিহীন অভিযোগে তেহরানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হয়েছে। আলজাজিরা।
সৌদি সরকারের উপদেষ্টা পরিষদের উদ্দেশে গত রবিবার দেওয়া ভাষণে বাদশাহ সালমান আবারও অভিযোগ করেন ইরান পারমাণবিক ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে সিদ্ধান্তমূলক অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
বাদশাহ বলেন, ইরানের আঞ্চলিক কর্মসূচি, অন্যদেশে তাদের হস্তক্ষেপ, সন্ত্রাসবাদে উৎসাহ দেওয়া, সাম্প্রদায়িক বিভাজনে বাতাস দেওয়ার বিপদের ওপর জোর দিচ্ছে সৌদি রাজতন্ত্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক অবস্থান নিতে আহ্বান জানাচ্ছে যাতে করে ব্যাপক বিধ্বংসী অস্ত্র অর্জন এবং ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি থেকে তাদের বিরত রাখা নিশ্চিত করা যায়।’
সৌদি বাদশাহ’র ওই মন্তব্যের একদিন পর তেহরানে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ বলেছেন, সৌদি শাসকের এমন মন্তব্য অস্বাভাবিক নয়। ‘তবে আমার বিশ্বাস ইরানের বার্তা পরিষ্কার… সৌদি শাসকদের নিশ্চয় জানে ইয়েমেনে মানুষ হত্যার মধ্য দিয়ে শান্তি অর্জন, ওয়াহিবিজম ও তাকফিরি গ্রুপের প্রোপাগান্ডা চালিয়ে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করা যাবে না, কিংবা লবির পেছনে অর্থ ব্যয় করে এবং মুসলিম বিশ্বের সম্পদ ব্যয় করে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শান্তি প্রতিষ্ঠা হবে না।’
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কয়েকটি ছায়া যুদ্ধে জড়িয়ে আছে ইরান ও সৌদি আরব। ইয়েমেনের তেহরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে গত পাঁচ বছরের বেশি সময় ধরে লড়াই চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।















