‘ভারতের গরু ঢুকলে মাঠে মারা যাবো’

638

ঢাকা সংবাদদাতা:‘গত ৩ মাস আগে আমি একটি গরু ৩৫ হাজার টাকায় কিনে মোটাতাজা করেছি। অথচ এখন দাম ৩০ হাজার টাকা উঠেছে। এবার যদি ভারতীয় গরু প্রবেশ করে, তাহলে আমরা মাঠে মারা যাবো।’ নওগাঁর সাপাহার হাটে আসা গরু বিক্রেতা আইজার রহমান এসব কথা বলেন।
গরুর হাটগুলো ঘুরে খামারিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নওগাঁয় গরুর হাট এখনও জমে ওঠেনি। এরমধ্যে স্থানীয়ভাবে খামারে মোটাতাজা করা গরু এখনও বিক্রিই শুরু হয়নি। জেলার বাইরে থেকে ব্যাপারীরাও আসছেন না। বন্যার কারণে গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেওয়ায় লালন-পালনে খরচও বেড়েছে। ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন খামারিরা। ভারতীয় গরু আসলে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান তারা।
নওগাঁ ১৪ বিজিবির সিও কর্নেল খিজির খান বলেন, ‘আমরা সীমান্তে টহল জোরদার করেছি। অবৈধভাবে যাতে ভারতীয় গরু প্রবেশ করতে না পারে—সে ব্যাপারে আমরা সর্বদা সজাগ আছি।’
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস বলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর কোরবানির হাটগুলো জমে উঠবে।’
জেলা প্রাণি সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলে প্রায় ৩৫ লাখ ৭০ হাজার ৪শতটি গবাদি পশু রয়েছে। এর মধ্যে কোরবানি উপযোগী গবাদি পশু রয়েছে প্রায় ২ লাখ ৭৪ হাজার ৫শতটি। এর বিপরীতে জেলায় চাহিদা মাত্র ১ লাখ ২০ হাজার। অর্ধেকেরও বেশি গবাদি পশু জেলার বাইরে সরবরাহ হবে।
নওগাঁ সদর উপজেলার বর্ষাইল গ্রামের মেসার্স ইউনাইটেড ডেইরি ফার্মের মালিক মোশারফ হোসেন বলেন, ‘কোরবানি ঈদ সামনে রেখে আমার খামারে ৩০ টি গরু পালন করা হয়েছে। কিন্তু বর্তমান বাজার অনুযায়ী একেকটি গরুর মূল্য ১০ থেকে ১৫ হাজার টাকা কম হাঁকা হচ্ছে।’ তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘বন্যার কারণে গো-খাদ্য সংকট দেখা দিয়েছে। যেটুকু পাওয়া যাচ্ছে, চড়া দামে কিনতে হচ্ছে। এতে করে একেকটি গরুর বিপরীতে গত ৬ মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয় করতে হয়েছে। এতে করে খামারেই মাঝারি আকারের গরুপ্রতি মূল্য দাঁড়াচ্ছে ৫০ খেকে ৫৫ হাজার টাকা পর্যন্ত।’
রানীনগর উপজেলার ভবানীপুর গ্রামের প্রামানিক ডেইরি ফার্মে বিজ্ঞান সম্মত উপায়ে ২০ টি গরু পালন করা হয়েছে। ওই ফার্মের মালিক দেলোয়ার হোসেন জানান, গত ঈদে ১০ টি গরু বিক্রি করে তার প্রায় ১ লাখ টাকা লাভ হয়েছিল। কিন্তু এবার তিনি ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন।
জেলায় গবাদিপশু বেচা-কেনার সবচেয়ে বড় হাট সাপাহারের দীঘির হাটে গরু বিক্রি করতে এসে স্থানীয় আব্দুল খালেক জানান, মাঝারি একেকটি গরুর দাম হাঁকা হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। বড় গরুর দাম ৬০ থেকে ৭০ হাজার টাকা। হাটগুলোতে যে দুয়েক জন স্থানীয় ব্যাপারী আসছেন তারাও গত বছরের তুলনায় এবার গরু প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা কম বলছে।
জেলার সাপাহার হাটে গরু বিক্রি করতে আসা এনামূল হক বলেন, ‘আমার গরুটির খরচ হয়েছে ৫৫ হাজার টাকা। অথচ ৪২ হাজার টাকার ওপর এখনও কেউ দাম বলেনি।’