আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ মহামারীর টিকা এ বছরের শেষ নাগাদ পাওয়া যেতে পারে বলে আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস।
মহামারী নিয়ে সংস্থাটির নির্বাহী পর্ষদের দুদিনের বৈঠকের সমাপণী ভাষণে স্থানীয় সময় মঙ্গলবার গেব্রিয়েসুস বলেন, আমাদের টিকার প্রয়োজন পড়বে। এ বছরের মধ্যেই আমরা টিকা পেয়ে যেতে পারি, সেই আশা আছে।
টিকা সহজলভ্য হওয়ার পর সমানভাবে এর বিতরণ নিশ্চিত করতে গেব্রিয়েসুস সব দেশের নেতাদেরকে ঐক্যবদ্ধ হওয়া এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানিয়েছেন।















