বিনোদন ডেস্ক: গুণী অভিনেতা এটিএম শামসুজ্জামানের ডান চোখে অপারেশন হবে আজ বিকেলে। রাজধানীর ধানমণ্ডির একটি হাসপাতালে তাঁর অপারেশনের কথা রয়েছে।
এটিএম শামসুজ্জামান বলেন, ইদানিং চোখে খুব বেশি যন্ত্রণা হচ্ছে। যে কারণে আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করে চোখে অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অপারেশন ভালোভাবে হয়।
ছোটবেলা থেকেই এটিএম শামসুজ্জামানের ডান চোখে ছোট্ট একটি কালো দাগ ছিল। সেটি নানা সময়ে তাঁর চোখে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। গেলো ১০ বছর আগে মাদ্রাজে চিকিৎসা করতে গেলে সেখানে দীর্ঘ ৫ ঘণ্টা অপারেশনের জন্য বসে থাকার পর বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসেন তিনি। পরে চোখে সমস্যা নিয়েই আরো দীর্ঘসময় পার করে দেন। কিন্তু এখন সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, অপারেশন করতেই হবে।
এদিকে গেলো ২১ আগস্ট নায়করাজ রাজ্জাকের আকস্মিত মৃত্যুতে তিনি গভীর দুঃখ প্রকাশ করেছেন।
এটিএম শামসুজ্জামান বলেন, রাজ্জাক খুব উদার মনের একজন মানুষ ছিলেন। তার সঙ্গে অনেক চলচ্চিত্রে অভিনয় করেছি। আমাকে ভীষণ ভালোবাসতেন। তিনি এমনই একজন নায়ক ছিলেন যিনি কখনো অতীত স্বীকার করতে দ্বিধাবোধ করতেন না। তার চলে যাওয়ায় বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে।













