ঢাকা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্ট্রগ্রামে দু’পক্ষের সংঘর্ষে এক মালয়েশিয়া প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
শুক্রবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
নিহত মালয়েশিয়া প্রবাসীর নাম উবায়দুল্লাহ (৩৫)। তিনি ওই গ্রামের হামদু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, একটি মোবাইল ফোন চুরি নিয়ে কয়েকদিন ধরে ইউপি চেয়ারম্যান এনামুল হক ওসমানের লোকজনের সঙ্গে ওমরের লোকজনের বিরোধ চলছিল।
সন্ধ্যায় ওমর পক্ষের উবায়দুল্লাহ শহর থেকে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথে চেয়ারম্যানের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার পর উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন ১০ জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।















