বিনোদন ডেস্ক: যার অভিনয় দেখে অনুপ্রেরণা পেয়েছেন, সেই প্রিয় মানুষটি অসুস্থ। তাই দেরি না করে, তার সান্নিধ্যে কিছুটা সময় কাটিয়ে আসা। নিজের আদর্শ দিলীপ কুমারের সঙ্গে দেখা করলেন শাহরুখ খান। প্রবীণ অভিনেতার বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করলেন, নিলেন খবরাখবর।
দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুও ছিলেন সেখানে। অভিনয় জীবনের শুরু থেকে দিলীপ কুমারই তার আইডল। শাহরুখের অভিনয়েও বহুবার স্পষ্ট হয়েছে দিলীপ কুমারের অভিনয়ের ছাপ।
বিশেষ করে ‘দেবদাস’ করার সময় সেই অভিনয় অনুপ্রেরণার প্রভাব দেখা গিয়েছিল। দিলীপ কুমারও শাহরুখকে এতটা ভালবাসেন যে, তাকে বহু দিন আগেই ছেলে পাতিয়েছিলেন তিনি। প্রবীণ অভিনেতার স্ত্রী সায়রা বানু টুইটারে সাক্ষাতের ছবি পোস্ট করে সে কথা জানিয়েছেন।
৯৪ বছর বয়সী এই অভিনেতা গত আগস্ট মাসে প্রায় এক সপ্তাহ ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। ২ আগস্ট ডিহাইড্রেশন এবং মূত্রনালীতে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হন অভিনেতা। শারীরিক উন্নতির জন্য ৯ আগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান অভিনেতা।












