ইংল্যান্ডে শপিং সেন্টারগুলোতে দিনের শেষ পর্যন্ত প্রচন্ড ভীড়: বজায় থাকেনি সামাজিক দূরত্ব

2460

ওয়ানবাংলানিউজ: দীর্ঘ তিনমাস পর লকডাউন শিথিল করায় ইংল্যান্ডের দোকানে ক্রেতাদের ভীড় লক্ষ্য করা গেছে দিনের শেষ পর্যন্ত।
সোমবার সকাল থেকেই লকডাউন শিথিল করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন যাবত দেশটির সরকারি নির্দেশে বন্ধ করে রাখা হয় দোকানপাট।

লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টারের মত বড় বড় শহর গুলোতে এই ভীড় বেশি হয়। অধিকাংশ স্থানেই ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রাখেননি। দোকানের সামনে দেখা গেছে লম্বা লাইন।
সবচেয়ে ভীড় হয় প্রাইমার্ক, যারা, স্পোর্ট ডায়রেক্ট, নাইক, টিকে ম্যাক্স এর দোকানগুলোতে।
দীর্ঘদিন পর কাপড় ক্রয় করতে পেরে অনেকেই ছিলেন উচ্ছ্বসিত।

সংবাদ মাধ্যমগুলো বলছে, যারা, জন লুইস এবং ডেভেনহামস ৭০ পাসেন্ট পর্যন্ত ছাড় দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর প্রায় ১৫ বিলিয়ন পাউন্ডের অবিক্রিত পণ্য স্টকে রয়েছে। যা তারা দ্রুত বিক্রি করতে ইচ্ছুক।
এদিকে সামাজিক দূরত্ব বজায় না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা। তাদের আশংকা আবারো করোনাভাইরাসের প্রকোপ বাড়তে পারে।

এদিকে আজ সোমবার থেকে বৃটেনে গণপরিবহনে চড়তে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই বিধিনিষেধ অমান্য করলে যাত্রীদের গুনতে হবে ১০০ পাউন্ড জরিমানা।

দ্য গার্ডিয়ান জানায়, মানুষ যাতে এই বিধিনিষেধ ঠিকভাবে পালন করে সেজন্য বাস এবং রেলস্টেশনগুলোতে তিন হাজারের বেশি অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে পুলিশের কর্মকর্তারাও রয়েছেন।