নাটোরে দুই ভাইকে ঝলসে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা!

750

ঢাকা সংবাদদাতা: নাটোরে বাকিতে চা না দেওয়ায় দুই ভাইকে গরম পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের পাশে এ ঘটনা ঘটে। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রিয়নসহ কর্মীরা উপস্থিত ছিলেন।

দগ্ধ দুই ভাই হলেন মোস্তফা ও রুস্তম। তাঁরা বলেন, কলেজের পাশে একটি চায়ের দোকানে বসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর পাশেই তাঁদের দোকান। তাঁদের ২০ কাপ চা দিতে বলেন নেতাকর্মীরা। এতে তাঁরা অপারগতা প্রকাশ করেন। এরপর উত্তেজিত হয়ে ওঠেন রিয়ন। এ সময় তাঁর সঙ্গে থাকা ছাত্রলীগকর্মীরা দোকানে গিয়ে ভাঙচুর শুরু করেন। বাধা দিলে মোস্তফা, তাঁর ভাই রুস্তম ও কর্মচারী ডালারকে মারধর করেন। একপর্যায়ে তাঁদের গায়ে গরম পানি ঢেলে দেন ছাত্রলীগের ছেলেরা।

এ ঘটনায় ইদুল ও অপু নামে দুই শিক্ষার্থী আহত হন। আহত চারজন নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রিয়ন বলেন, চা দেওয়া নিয়ে তর্ক-বিতর্ক হচ্ছিল। এ সময় উপস্থিত ছেলেরা কয়েকটা কাপ ভাঙচুর করেছে। এতে দোকানদাররা চড়াও হয়। লাঠি নিয়ে তারা চড়াও হয়। তার ছেলেরা আবারও বাধা দেয়। একপর্যায়ে তারা (দোকানদাররা) গরম পানি রিয়ন ও ছেলেদের দিকে ছোড়ার চেষ্টা করে। সেই পানিতে তারা ঝলসে যায়।