লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত: জাতিসংঘ

305

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রথম করোনা ভাইরাস (কভিড-১৯) সংক্রমণ ধরা পড়েছে। বেকা উপত্যকার ওয়াভেল শিবিরের এক নারীর মধ্যে ভাইরাসটি শনাক্ত হয়েছে। জনবহুল ওই শিবিরটি লকডাউন করে দেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তিকে রাজধানী বৈরুতের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একজন ফিলিস্তিনি শরণার্থী। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ মঙ্গলবার এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।
আরব নিউজের এক প্রতিবেদন অনুসারে, শিবিরটিতে আরো কেউ আক্রান্ত হয়েছেন কিনা তা শনাক্ত করতে সেখানে বুধবার পরীক্ষা করা শুরু করেছে স্বাস্থ্যকর্মীরা। লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ) অনুসারে, আক্রান্ত নারীর আত্মীয়-স্বজন ও তার সংস্পর্শে আসা ব্যক্তিসহ আরো ৫০ জনকে পরীক্ষা করা হবে।
২০১৭ সালের সরকারি হিসাব অনুসারে, ওয়াভেল শিবিরটিতে ২ হাজারের বেশি মানুষ বাস করেন।

তবে জাতিসংঘ জানিয়েছে, শিবিরটির প্রকৃত বাসিন্দার সংখ্যা আরো অনেক বেশি। ত্রাণ সংস্থাগুলো আগেই সতর্ক করেছে যে, লেবাননজুড়ে বাস করা ফিলিস্তিনি ও সিরীয় শরণার্থীরা করোনার তীব্র ঝুঁকিতে আছেন। সরকারি তথ্যানুসারে, লেবাননজুড়ে ১ লাখ ৭৪ হাজার ফিলিস্তিনি বসবাস করেন।