দল জিতলেও জ্বলে উঠতে পারেননি সাকিব

473

খেলাধুলা ডেস্ক: আগের ম্যাচে বার্বাডোস ট্রাইডেন্টসের বিপক্ষে জয়ের নায়ক ছিলেন সাকিব আল হাসান। তবে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটা ভালো কাটল না বিশ্বসেরা অলরাউন্ডারের। বল হাতে তাঁকে দিয়ে এক ওভারের বেশি করাননি অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আর ব্যাট হাতেও খুব ভালো করতে পারেননি বাংলাদেশের সেরা ক্রিকেটার। সাকিব জ্বলে উঠতে না পারলেও অবশ্য জিততে সমস্যা হয়নি তাঁর দলের। মেহেদী হাসান মিরাজের ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়েছে সাকিবের দল।

শুরুতে বোলিং করতে নেমে সাকিব নিজের প্রথম ওভারেই দিয়েছিলেন ১২ রান। দুই পেসার ওডেন স্মিথ ও কেসরিক উইলিয়মস ভালো বোলিং করতে থাকায় পরে আর সাকিবের হাতে বল তুলে দেননি জ্যামাইকার অধিনায়ক সাঙ্গাকারা। পরে ব্যাটিংয়ে নেমে সাকিব খেলেছেন ২২ বলে ১৬ রানের ইনিংস।

বৃহস্পতিবার ত্রিনবাগোর ঘরের মাঠ ত্রিনিদাদে পোর্ট অব স্পেনে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই জ্যামাইকার বোলারদের ওপর ঝড় তোলেন ব্রেন্ডন ম্যাককালাম, সুনিল নারাইন, কলিন মুনরো, ড্যারেন ব্রাভোরা। প্রথম চার ওভারেই পঞ্চাশ রানের কোটা পার করে যায় দলটি। ১০ ওভারেই তারা তুলে নেয় ১০০ রান। ৯ বলে ১৬ রান করেন ম্যাককালাম, ১১ বলে দুটি করে চার আর ছক্কায় ২৩ রান করেন নারাইন। এ ছাড়া কলিন মুনরোর ২৫ বলে ৪১ আর ব্রাভোর ২৫ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসগুলো ত্রিনবাগোকে বড় রানের স্বপ্ন দেখাচ্ছিল।

ইনিংসের দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে জ্যামাইকা। ওডেন স্মিথ, কেসরিক উইলিয়ামস ও ক্রিশমার সান্তোকির দারুণ বোলিংয়ে শেষ ১০ ওভারে মাত্র ৩৮ রান তুলতে সক্ষম হয় ত্রিনবাগো। আর এখানেই ম্যাচ থেকে ছিটকে পড় দলটি। কেসরিক উইলিয়ামস ও ওডেন স্মিথ নেন তিনটি করে উইকেট। সান্তোকি নেন দুটি উইকেট।

সহজ লক্ষ্যে খেলতে নেমে জ্যামাইকার শুরুটা হয় আরো দুর্দান্ত। কুমার সাঙ্গাকারা ও লেন্ডল সিমন্সের জুটিতে আসে ৬১ রান। মাত্র ৫ ওভারেই এই রান তুলে বর্তমান চ্যাম্পিয়নরা। সাঙ্গা ৪৭ ও সিমন্স ৩৮ রান করে আউট হলে জ্যামাইকাকে চেপে ধরে ত্রিনবাগো। আন্দ্রে ম্যাকার্থি, রোভম্যান পাওয়েল সাকিব আল হাসানরা রান তুললেও নারাইন, কুপার শাদাব খানদের সামনে সুবিধা করতে পারছিলেন না। ২২ বলে ১৬ রান করে সাকিব।