রাজধানীতে মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ৩

858

ঢাকা সংবাদদাতা: রাজধানীর তুরাগ এলাকায় মোবাইলের চার্জার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।

দগ্ধ হওয়া তিনজন হলেন শাকিল মল্লিক (৩৫), তাঁর স্ত্রী রেখা মল্লিক (৩০) ও তাঁদের সন্তান আবু জায়ের (৩)।

আহত অবস্থায় গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, শাকিলের শরীরের ৪৫ ভাগ, রেখার ৩৩ ও আবু জায়েরের ২২ ভাগ পুড়ে গেছে। তাঁদের অবস্থা গুরুতর।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবে খুদা জানান, তুরাগের দৌড় এলাকায় একটি বাসায় তাঁরা ভাড়া থাকেন। মঙ্গলবার সারা রাত মোবাইল ফোনটি চার্জে দেওয়া ছিল। গতকাল বুধবার সকালে শাকিল চার্জার থেকে মোবাইলটি খোলার সঙ্গে সঙ্গে সেটি বিস্ফোরিত হয়। এতে তাঁরা তিনজন দগ্ধ হয়।

এ ঘটনার পর তাঁদের তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।