ডক্টর এম মুজিবুর রহমান: এক: করোনা নিয়ে ১০ ডাউনিং স্ট্রিট থেকে প্রতিদিন ব্রিফ করা হয়। প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেই কবিড -১৯’এ আক্রান্ত হওয়াতে তাঁর অনুপস্থিতিতে ফার্স্ট সেক্রেটারি, চ্যান্সেলর অব এক্সচেকার, হেলথ সেক্রেটারি অথবা হোম সেক্রেটারির নেতৃত্বে প্রেস ব্রিফিংয়ে চিফ সায়েন্টিফিক অফিসার বা সংশ্লিষ্ট অন্যরাও উপস্থিত থাকেন। জবাবদিহিতামূলক সমাজ ব্যবস্থার পরাকাষ্ঠা ব্রিটেনের প্রতিদিনের প্রেস ব্রিফিংয়ে সরকারের সিনিয়র মন্ত্রীদের সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হতে দেখে মনে হয় এরা শাসক হিসেবে নয় বরং সেবক হয়ে দেশ শাসন করেন । লিমিটেশন বা দুর্বলতা রয়েছে তবে এখানে প্রতিটি মানুষকে ট্রিট করা হয় মানুষ হিসেবে। রাজনীতিবিদরা প্রভু নয় বরং সেবক । জবাবদিহিতা ও আইনের ঊর্ধ্বে কেউই নয়। এটাই ব্রিটেন বা পশ্চিমা সভ্যতার সৌন্দর্য ও স্বার্থকতা।
প্রেস ব্রিফিং দেখার পূর্বে প্রার্থনা থাকে আজকের মৃত্যুর সংখ্যা যেন কম থাকে। করোনা মৃত্যুকে সংখ্যায় পরিণত করলেও একেকজনের মৃত্যু মানে একজন বাবা তার সন্তান হারাচ্ছেন, গর্ভধারিনী মা হারাচ্ছেন তার কলিজার একটি অংশ। একজন সহধর্মিনী হারাচ্ছেন তার জীবনের চিরসাথীকে, একটি ফুটফটে সন্তান হারাচ্ছে তার আগামীর পথ প্রদর্শক ও আঁধারকে । অর্থাৎ একেকটি মৃত্যু মানে একটি পরিবার, একটি বন্ধুমহলে বিরাট শোকের কালো ছায়া এবং কোনো কোনো ক্ষেত্রে সমাজ ও রাষ্ট্রের একটি নক্ষত্রের পতন। বন্ধু ডাঃ মঈন উদ্দিনের মৃত্যুতে তা বার বার মনের ভেতর নাড়া দিয়ে উঠছে।
ছাত্র অবস্থায় ‘এইম ইন লাইফ’ রচনা লিখতে গিয়ে আমরা অনেকেই প্রতিটি পেশার মানবিকতাকে হাইলাইট করে নিজের জীবন উৎসর্গ করার কল্পকাহিনী লিখেছি। কিন্তু বাস্তবে আমরা কয়জন মানবিক হতে পেরেছি, তা মিলিয়ন ডলার প্রশ্ন ! ডাঃ মঈন উদ্দিন সেই কল্পকাহিনীকেও হার মানিয়ে একজন মানবিক ডাক্তার হিসেবে এরই মধ্যে সবার কাছে ছিল তাঁর পরিচিতি। রোগীদের সেবা দিতে গিয়ে নিজে আক্রান্ত হোন প্রাণঘাতী করোনা ভাইরাসে । চিকিৎসা সেবা প্রদানে উপযুক্ত পিপিই (পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) না পেয়েও ডাঃ মঈন মানবিকতার সেবায় নিজেকে উজাড় করে দেন। কোনো কোনো ক্ষেত্রে মানবিকভাবে ভঙ্গুর ও অসুস্থ প্রতিযোগিতার সমাজ ও রাষ্ট্রে অনেকেই নিজেকে নিরাপদ দূরত্বে রেখে চলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ডাঃ মঈন ব্যতিক্রমী নজির সৃষ্টি করে গেলেন। ১৫ এপ্রিল সকালে এ পৃথিবী ছেড়ে গেলেন ডাঃ মঈন উদ্দিন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দুই: বন্ধুবর আমিনুল ইসলাম শামীম (চাচা শামীমের) ফেইসবুকে ডাঃ মঈনের কয়েকটি ম্যাসেজ আপলোড করা হয়েছে। তাতে দেখা যায় ডাঃ মঈন পিপিই ছাড়াই যে রোগীর সেবা করতে যাচ্ছেন তা উল্লেখ করেছেন। বাংলাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া এমনকি কানাডা, অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলে সামনের দিকে অগ্রসর হচ্ছে, শুনতে ভালই লাগে। জন্মভূমির সফলতায় যে কারো মনকে আন্দোলিত করে আনন্দে মন ভরে দেয়। কিন্তু এটা কি তার নমুনা ? গতকালের পত্রিকায় ‘৫ করোনা রোগীর রাতভর লড়াই’ শীর্ষক খবর ছাপা হয়েছে । এর মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন। হাসপাতালের গেইট বন্দ্ব করে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে। রুবন রহমান নামে এক ভাই তার ফেইসবুকে লিখেছেন,
‘করোনা যুদ্ধে শহীদ হলেন একজন বীর যোদ্ধা! কোরোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখ যোদ্ধা, গরিবের ডাক্তার, সিলেট ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মঈন উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকাল রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে মৃত্যু বরণ করেন। বিনম্র শ্রদ্ধা, দোয়া ও ভালোবাসা ডাক্তার সাহেবের জন্য। দেশবাসী আপনার এই আত্মত্যাগ চিরকাল স্বরণ করবে।। ইয়া আল্লাহ আপনি ডা: মঈন উদ্দিন ভাইকে বেহেস্ত নসীব করুন। তার পরিবারকে হেফাজত করুন।’

ফারাবী হাফিজ নামে আরেকজন ফেইসবুকে লিখেছেন, সিলেটে করোনা পজিটিভ হয়ে কোন আইসিইউ না পেয়ে আকুতি জানানো সেই ডাক্তার কুর্মিটোলা হাসপাতালে মারা গেলেন সকালে। মেডিসিন বিশেষজ্ঞ এই ডাক্তার রোগী দেখা চালিয়ে গেছেন শেষ পর্যন্ত।
কিন্তু নিজে যখন আক্রান্ত হলেন, একটা আইসিইউ খুজে পেতে সিলেট থেকে ঢাকা আসতে হয়েছে। নিজের হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছিলো। করোনা আক্রান্ত বলে একটা এ্যাম্বুলেন্স তাকে নিতে চায়নি। একটা আইসি্ইউ এ্যাম্বুলেন্স খুজে পাবার জন্য বিভিন্ন জনকে ফেসবুকে আকুতি জানাতে হয়েছে। ইসলাম বলে, মহামারীতে মারা গেলে শহীদ। সরকারিভাবে তাকে শহীদ হিসেবে ঘোষণা এবং পরিবারের সমস্ত দায়িত্ব নেয়া হোক।
ডা: মঈন প্রসঙ্গে গত ৮ এপ্রিল আব্দুর রব শেখ লিখেছেন,
‘১. যেহেতু উনি মিনিস্ট্রি লেভেলের কেউ না সুতরাং উনাকে এয়ার এম্বুলেন্স দেওয়া যাবেনা। প্রশাসনের স্পষ্ট জবাব।
২. ওসমানী মেডিকেল কলেজের আইসিও/এইচডিওতে রাখা যাবেনা, যেহেতু ভেন্টিলেটরের নেগেটিভ প্রেশার সিস্টেম নাই।
৩. ওসমানীতে রাখা যাবেনা, যেহেতু হাইয়ার অথরিটির পারমিশন নাই।
৪. বেসরকারি ওয়েসিস হাসপাতাল এম্বুলেন্স দিলেও সাথে কোন চিকিৎসক স্যারের সাথে ঢাকা রওনা দেয়নি। তখন স্যারের পালস স্যাচুরেশন ছিলো ৯৭%। সাথে দুইজন ব্রাদারকে পাঠানো হয়, যাদের মধ্যে একজন ইন্টিউবেশন করতে পারে।
৫. শামসুদ্দিন হাসপাতালে ভেন্টিলেটরের নামে যে দুইটা বস্তু রাখা সেইটা চালানোর মতো লোকবল নিয়োগ দেওয়া হয়নি।
৬. সিচুয়েশনে তৈরি হওয়ায় জানা যায় ভেন্টিলেটর নামক মেশিন দুইটা আসলে নষ্ট।
৭. স্যার ৫ঃ৩০ এ রওনা দেন । স্যার এখন রাস্তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে।
স্যারের ব্যাপারে সারাদিন দেনদরবার করে এই হচ্ছে সর্বশেষ আপডেট।
হ্যালো প্রশাসন! আপনি অসুস্থ হইলে আপনার সাথেও যদি একই আচরণ হয় কেমন লাগবে? আর তোমরা যারা নামকাওয়াস্তে চিকিৎসক, তারা আক্রান্ত হইলে আল্লাহর নাম নিয়ে মরে যেও। এ দেশের চিকিৎসক হয়েও তুমি বিনা চিকিৎসায় প্রটোকল মেইনটেইন করতে করতে মরে যাবা, (০৮/০৪/২০২০) ।’
তিন: সারা বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পিপিই’র স্বল্পতা দেখা দিতে পারে। কিন্তু একটা দেশের নামকরা একটি মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্টেন্ট প্রফেসর শুরুইতে পিপিই পাবেন না, তা মানা যায় না। এটাতো সিঙ্গাপুর, কানাডা দূরের কথা আফ্রিকার দেশেও হওয়ার কথা নয়। করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে একজন ফ্রন্ট লাইনের মেধাবী ডাক্তার আক্রান্ত হবে আর তার জন্য এয়ার এম্বুলেন্স রিকুইজিশন দেয়া যাবে না, তা কোন ধরণের অসভ্যতা। শুধুমাত্র মিনিস্টারদের জন্য সুযোগ সুবিধা থাকবে, তা কি করে হয় ? নিজেরা দেশকে সিঙ্গাপুর আর কানাডার ফানুসে ভরে দিলেও বাংলাদেশের মিনিস্টারদের দেশে চিকিৎসা নিতে সচরাচর দেখা যায় না।
সভ্য সমাজ ও রাষ্ট্রে সামন্তবাদী চিন্তা চেতনা চলতে পারে না। এ থেকে বের হয়ে আসতে হবে। যে চিকিৎসক মানুষের জন্য নিজেকে উজাড় করে দিলেন হাইয়ার অথরিটির পারমিশনের অভাবে তার জন্য নিজের কর্মস্থলে জায়গা হলো না। বিষয়গুলো খুবই সিরিয়াস। তার জন্য নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তে যদি এর সত্যতা বেরিয়ে আসে তাহলে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করছি। ভেন্টিলেশন চালানোর দক্ষ লোক নেই। হায়রে সিঙ্গাপুর আর কানাডার নমুনা ! বহু দেশের জন্য করোনা হচ্ছে অ্যাসিড টেস্ট। জনগণের সুবিধাদি কোন দেশ কতটুকু তৈরী করেছে তার একটা পরীক্ষা হয়ে যাচ্ছে। তলবিবাহক আর উচ্ছিষ্টভোগীদের সামনে ফাঁকা বুলির হুক্কাহুর চর্বিত চর্বন করা সম্ভব হলেও করোনার কাছে বাকসর্বস্ব ফাঁকা বুলি অসার।
মৃত্যু অবধারিত। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু প্রতিটি মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেয়ার জন্যই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার এতো আয়োজন । বিজ্ঞানের সুবিধা যেন প্রতিটি মানুষ সমানভাবে ভোগ করতে পারে তার জন্য প্রয়োজন লুটপাট আর দুর্নীতির বিপরীতে মানব কল্যাণের রাজনীতি। তাই শুধু কোরোনায় নয় অন্যান্য সুযোগ সুবিধার অভাবে রোগাক্রান্ত হয়ে যারা মারা যাবেন তাদের জন্য শুধু শোক আর ক্রন্দন করে লাভ হবে না। যার যার অবস্থান থেকে এ ধরণের সামন্তবাদী ব্যবস্থা পরিবর্তনে কাজ করতে হবে। কবি সুকান্তের ভাষায় বলা যায়,
চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে,
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,
তারপর হব ইতিহাস।।
রাজনীতি একটা রাষ্ট্রের চালিকা শক্তি। তোষামোদি, বাকসর্বস্ব আর মেধাহীনদের রাজনীতির নামে লুটপাট, দুর্নীতি, সংকীর্ণ দলীয় উন্মাদনা আর শর্টকাট পন্থায় বড়লোক হওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে রাজনীতিকে মুক্ত করা সময়ের দাবি । সমাজ ও রাষ্ট্রে অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টিশীল মেধা ও মননশীল মানুষের বিকাশে বিরাট বাঁধা। ডাঃ মঈন উদ্দিন রাজনীতি সচেতন ছিলেন। তাঁর রাজনৈতিক পথ ও মতের সাথে আমার মতের ভিন্নতা ছিল। কিন্তু সহনশীলতা ও মতের ভিন্নতা সমাজ ও রাষ্ট্রে তৈরী করে জবাবদিহিতা, গণতন্ত্রকে দেয় প্রাতিষ্ঠানিকতা। জবাবদিহিতামূলক গণতান্ত্রিক কাঠামো ছাড়া সমাজ ও রাষ্ট্রে তৈরী হয় ফ্যাসিবাদ আর সৃষ্টি করে ফ্রাঙ্কেস্টাইন। যার ফলে সৃষ্টি হয় একটি রুগ্ন, অসুস্থ ও অসভ্য সমাজ ব্যবস্থা । আর এর থেকে আখেরে কেউ রক্ষা পাবে না। কারণ ‘নগরে আগুন লাগলে দেবালয় এড়ায় না’ এই সত্যটি যত তাড়াতড়ি বুঝে আসবে তত তাড়াতাড়ি সকলের জন্য একটা সহনশীল ও সহিষ্ণু সমাজ ও রাষ্ট্র তৈরী হবে। প্রতিটি সেক্টরে দক্ষ ও মেধাবীদের সংখ্যা বৃদ্বি ছাড়া একটি আধুনিক কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের চিন্তা বাতুলতা মাত্র। আর আধুনিক কল্যাণকর রাষ্ট্রই দিতে পারে মানুষকে তার প্রাপ্য মর্যাদা ও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।
সিলেটের স্বনামধন্য এমসি বিশ্ববিদ্যালয় কলেজে ইন্টারমেডিয়েট পড়ার সময় প্রখর মেধার অধিকারী মঈন উদ্দিন ছিলেন হোস্টেলের দ্বিতীয় ব্লকের ছাত্র। তৃতীয় ব্লকের একজন ছাত্র হিসেবে তাঁর সাথে হোস্টেলে প্রায়ই দেখা হতো। হোস্টেলের টিভি কমনরুমে একটিমাত্র লোক যদি কোনসময় থাকতো তবে সে হতো মঈন উদ্দিন। টিভি কমনরুমে জাতীয় সংগীত পর্যন্ত যে লোকটি থাকতো তার নাম মঈন উদ্দিন । সূদুর লন্ডনেও অনেকের সাথে আমি কথাপ্রসঙ্গে এই কথাটি বলতাম। আমার মাথায় আসতো না, এতো কম পড়ালেখা করে কিভাবে মঈন এতো ভালো রেজাল্ট করতো। সত্যিকার অর্থে ডাঃ মঈন উদ্দিন ছিল একজন ন্যাচারাল জিনিয়াস। তাই ডাঃ মঈনের মৃত্যু মানে একটি ন্যাচারাল ট্যালেন্ট’র পতন।
মেঘে মেঘে গড়িয়ে বেলা তিন দশকের উপর হতে চললো । ইন্টারমিডিয়েটের বন্ধুদের অনেকের সাথেই অনেক দিন হলো দেখা হয় না । যুক্ত্ররাজ্যে অবস্থিত এমসি কলেজ ৯০ ব্যাচের বন্ধুরা ইস্ট লন্ডনের নিডা হাউসে বিভিন্ন অকেশনে প্রায়ই একটা আড্ডার আয়োজন করে থাকেন। এসব নির্মোহ আড্ডাতে ফরহাদ, হুমায়ুনসহ অনেকেই সক্রিয় ভূমিকা রাখেন। হারানো দিনের গানসহ সুন্দর আড্ডা হয়। ডাঃ মঈন উদ্দিন বছর দেড়েক আগে ফ্যামিলিসহ লন্ডনে বেড়াতে আসলে তাঁর সাথে দেখা হয়। আজো চোখে লেগে রয়েছে মঈনের হাসিমাখা চাহনি। কথা বলার বাঁচন ভঙ্গি।
কিছু মানুষ মরণে হাসে আর তাঁর জন্য কাঁদে ভুবন। ডাঃ মঈন উদ্দিন, তেমনই একজন। চিকিৎসা সেবায় তাঁর সাহসী ভূমিকা জাতি চিরকাল স্মরণ রাখবে। মহান আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তাঁর স্ত্রী ও ফুটফুটে দুটি অবুঝ সন্তান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। দুনিয়ার অসহায় ও বিপন্ন মানুষের পাশে সকলকে সাধ্যমতো সাহায্য ও সহযোগিতা প্রদান এবং প্রাণঘাতী করোনার মহামারী থেকে বিশ্বের সকল মানুষকে আল্লাহ মুক্তি দান করুন।

ডক্টর এম মুজিবুর রহমান।
প্রবাসী লেখক
১৫ এপ্রিল ২০২০, লন্ডন।














