আন্তর্জাতিক ডেস্ক: এশিয়া ছেড়ে ক্রমশই ইউরোপ ও আমেরিকায় চেপে বসেছে করোনাভাইরাস। সম্প্রতি এক জরিপে দেখা গেছে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার শিকার ৮১ শতাংশ রোগী ১০ দেশের বাসিন্দা। আর এ তালিকায় অন্যতম যুক্তরাষ্ট্র ও ইতালি। তবে, আফ্রিকায় করোনাভাইরাস তেমন সুবিধা করতে পারছে না। দক্ষিণ এশিয়াতেও এর অবস্থান বেশ দুর্বল।
বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, এ পর্যন্ত ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা। এর মধ্যে করোনা শনাক্ত রোগীর ৮১ শতাংশ মাত্র ১০টি দেশের। এর মধ্যে ৬টি দেশ ইউরোপের এবং ৩টি এশিয়ার। তবে শীর্ষে রয়েছে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। এককভাবে দেশটিতে শনাক্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩০০ জন।
এছাড়া ইতালিতে আক্রান্ত ১,১০,৫৭৪ জন, স্পেনে ১,০৪,১১৮ জন, চীনে ৮১,৫৫৪, জার্মানিতে আক্রান্ত ৭৭,৯৮১ জন, ফ্রান্সে ৫৬,৯৮৯ জন আক্রান্ত, ইরানে ৪৭,৫৯৩ জন, যুক্তরাজ্যে আক্রান্ত ২৯,৪৭৪ জন, সুইজারল্যান্ডে ১৭,৭৬৮ ও তুরস্কে আক্রান্ত ১৫,৬৭৯ জন।
৫৩ শতাংশ রোগী ইউরোপে: নানা চেষ্টা করেও করোনার ‘চর্বি’ যেন গলাতে পারছে না বিশ্বে শীতপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত ইউরোপের দেশগুলো। জ্যামিতিক হারে এ রোগ ছড়িয়ে পড়ছে এ অঞ্চলে। গতকাল পর্যন্ত শনাক্ত হওয়া রোগীর ৫৩ শতাংশ ছিল ইউরোপের। প্রতি মুহূর্তে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইউরোপে এ পর্যন্ত মারাই গেছে ৩০ হাজারের বেশি মানুষ।















