রামগড়ে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর কার্যক্রম

385

ঢাকা সংবাদদাতা: খাগড়াছড়ির রামগড়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেসামরিক প্রশাসনের পাশাপাশি বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল থেকে কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী।

গুইমারা সেনা রিজিওনের আওতাধীন সিন্ধুকছড়ির ১৪ ফিল্ড রেজিমেন্টের সাব জোন কমান্ডার মেজর মো. জুনায়েদ বিন কবিরের নেতৃত্বে রামগড় বাজার, সোনাইপুল, বলিপাড়া, লামকুপাড়া, কালাডেবা বাজারসহ বিভিন্ন এলাকায় মরণ ঘাতী করোনা সংক্রমণ রোধে জনগণকে সচেতন ও সতর্ক করতে মাইকে প্রচারণা এবং লিফলেট বিতরণ করা হয়। এ কার্যক্রমে সেনাবাহিনীর সাথে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম বদরুদ্দোজা, সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

মাঠে কার্যক্রম শুরুর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বেসামরিক প্রশাসনের সঙ্গে বৈঠক করে সেনাবাহিনী। বৈঠকে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলা প্রশাসনের চলমান কর্মকাণ্ড সম্পর্কে সেনা কর্মকর্তা মেজর মো. জুনায়েদ বিন কবিরকে অবহিত কবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম. বদরুদ্দোজা।

বৈঠকে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) সজীব কান্তি রুদ্র, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ২৪ মার্চ থেকে দেশের সকল বিভাগ এবং জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে সেনা মোতায়েনের অংশ হিসেবে সেনাবাহিনী প্রয়োজনীয় সমন্বয় শেষে ২৫ মার্চ থেকে সেনাবাহিনী পুরোপুরি কাজ শুরু করে।

সেনাবাহিনীর সদস্যরা করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিবর্গের তালিকা প্রস্তুত এবং বিদেশ হতে প্রত্যাগত ব্যক্তিবর্গের কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত কল্পে স্থানীয় প্রশাসন কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহে সহায়তা ও সমন্বয় করছে। এ ছাড়াও সেনাবাহিনী বিভাগ এবং জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তা প্রদান করবে।

নৌবাহিনী উপকূলীয় এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করছে। বিমান বাহিনী হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও জরুরী পরিবহন কাজে নিয়োজিত থাকছে।