আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে করোনাভাইরাসে একদিনেই ৫ চিকিৎসক মারা গেছেন। ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডার (ফোনমসিও) জানায়, তারা কোভিড-১৯ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা যান।
যে ৫ ডাক্তার মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর এলাকার চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৩ জন চিকিৎসক মারা গেলেন।
মহামারি আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসটি উৎপত্তিস্থল চীনের উহানে বিস্তার হ্রাস পেলেও ইউরোপের দেশগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে করোনা। এদের মধ্যে ইতালির অবস্থা সবচেয়ে ভয়াবহ। গত বুধবার ইতালিতে একদিনেই প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন। এখন পর্যন্ত এটাই যেকোনও দেশের জন্য একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। ফলে ইউরোপের দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জন।গে
এর ফলে মৃতের সংখ্যায় ইউরোপের এ দেশটি ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেল। গতবছরের ৩১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত চীনে করোনাভাইরাসে মারা গেছে ৩ হাজার ২৪৫ জন।
করোনা মোকাবিলায় ইতালির সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে সুরক্ষা দিতে জরুরি অবস্থা অব্যাহত রাখা হয়েছে। লোকজনের চলাফেরা সীমিত করা হয়েছে। তবু লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু।















