চীনের নিয়ন্ত্রণে করোনা, হিমশিম খাচ্ছে বিশ্ব

630

আন্তর্জাতিক ডেস্ক: চীন ও দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাসের সংক্রমণের ধীর গতি দেখা যাচ্ছে, সংক্রমণ বাড়ছে বিশ্বের অন্য দেশগুলোতে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮২৮ জনে। সর্বশেষ ২৪ ঘণ্টায় চীনে মৃত্যু হয়েছে ২২ জনের। নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪০ জন বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন।

চীনের স্বাস্থ্য কমিশন আরো জানায়, চীনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১১৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ জন। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৮০ হাজার ৭৩৫ জন।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৪৮ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬২ হাজার ২৭৬ জন।

এদিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ১০৪টি দেশ ও অঞ্চলে। মৃত্যুর সংখ্যার দিক দিয়ে চীনের পরে আছে ইতালি। রোববার দেশটিতে ১৩৩ জন মারা গেছে। এ নিয়ে ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে সাত হাজারেরও বেশি লোক।

মৃতের সংখ্যায় এরপর রয়েছে ইরান। সেখানে মৃত্যু হয়েছে ১৯৪ জনের। এরপর দক্ষিণ কোরিয়ায় ৫১, যুক্তরাষ্ট্রে ২২, ফ্রান্সে ১৯, স্পেনে ১৭, জাপানে ৭, ইরাকে ৬, যুক্তরাজ্যে ৩, নেদারল্যান্ডসে ৩, হংকংয়ে ৩, অস্ট্রেলিয়ায় ৩, সুইজারল্যান্ডে ২, মিশরে ১, তাইওয়ানে ১, থাইল্যান্ডে ১, সান মারিনোতে ১, আর্জেন্টিনায় ১ ও ফিলিপিন্সে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জাপানে আটকে থাকা ডায়ামন্ড প্রিন্সেস জাহাজে ৭ জনের মৃত্যু হয়েছে। আলজাজিরা।