আন্তর্জাতিক ডেস্ক: গাভীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আর এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি গারওয়াল জেলার সাতপুলি এলাকা। জ্বলছে দাঙ্গার আগুনে। অশান্ত এই এলাকায় সময়ে সময়ে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াচ্ছে।
সংখ্যালঘু সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ, সে এলাকার এক গাভীকে যৌন নিগ্রহ করেছে। ২৩ বছরের ওই যুবকের বিরুদ্ধে এই অভিযোগ এনে প্রতিবাদ চলতে থাকে সাতপুলিতে। ঘটনার প্রত্যক্ষদর্শীকে নিয়ে প্রতিবাদীরা হাজির হয়ে যান থানায়। এদিকে ঘটনার জেরে এলাকা জুড়ে ছড়াতে থাকে আশান্তির আগুন।
অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তকে ৩৭৭ নং ধারায় আটক করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে এলাকাকে শান্ত রাখতে সবরকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জুলাই থেকে শুরু করে এ পর্যন্ত এই এলাকায় পর পর ৯টি দাঙ্গার ঘটনা ঘটে গেছে।
বেশ কিছুদিন ধরেই গরু নিয়ে উত্তাল রয়েছে ভারত। বিভিন্ন রাজ্যে গরু বহন ও জবাইয়ের অভিযোগে মুসলমানসহ নিম্নবর্ণের হিন্দুদেরও পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। উগ্রবাদী হিন্দুত্ববাদী সংগঠনগুলো এসব ঘটনা ঘটাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে সচেতন মহল এ ব্যাপারে সোচ্চার হলেও থামছে না উগ্রবাদীদের তৎপরতা। সূত্র: ওয়ান ইন্ডিয়া















