আন্তর্জাতিক ডেস্ক: শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের মূল পর্বগুলোর আনুষ্ঠানিকতা। এর মধ্যে আজ ৩রা ফেব্রুয়ারি আইওয়া ককাসের মাধ্যমে প্রধান দুই দল রিপাবলিকান ও ডেমোক্রেটদের প্রার্থী কে হবেন তার প্রথম দফার ভোট বা প্রাইমারি নির্বাচন শুরু হচ্ছে। হোয়াইট হাউজের দৌড়ে কাকে পাঠানো হবে ভোটাররা তা বাছাই করবেন এ নির্বাচনে। এর অর্থ এই নয় যে, এই নির্বাচনে যিনি বিজয়ী হবেন তিনিই সংশ্লিষ্ট দল থেকে প্রেসিডেন্ট পদে চূড়ান্ত প্রার্থী। তবে এর মধ্য দিয়ে মনোনয়নের এক গুরুত্বপূর্ণ পর্ব শুরু হচ্ছে।
রিপাবলিকান দল থেকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রার্থিতার পথ দৃশ্যত পরিষ্কার। কিন্তু ডেমোক্রেট দল থেকে এই প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন চেয়ে লড়াই করছেন এখনও ১১ জন প্রার্থী। তাদের অনেকেই গত কয়েক সপ্তাহ মিডওয়েস্ট রাজ্যে ব্যাপক প্রাচারণা চালিয়েছেন। এখানেই সব সময় সবার আগে ভোট হয়।















