আফগানিস্তানে টিভি-রেডিও স্টেশনে অস্ত্রধারীদের হামলা: নিহত ৭

741

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে সরকারি টিভি ও রেডিও স্টেশনে অস্ত্রধারীদের হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ জন।

বুধবার নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে অবস্থিত রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) নামের সরকারি টিভি-রেডিও স্টেশনে এ হামলার ঘটনা ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব ডেনিশ বলেন, হামলাকারীরা প্রথমে বিস্ফোরণ ঘটায়। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলি বিনিময় হয়। এ সময় ৪ জন হামলাকারী এবং পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত হয়।

নানগারহারের প্রাদেশিক হাসপাতালের এক মুখপাত্র ইনহামুল্লাহ মিখিয়াল বলেন, কমপক্ষে ১৮ জন আহত লোককে পাওয়া গেছে।

এক হামলাকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তানের ওই অঞ্চলে তালেবান এবং আইএস জঙ্গি গোষ্ঠী সক্রিয়।