প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে: রিজভী

250

ঢাকা সংবাদদাতা: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কলকাতা সফরে আমাদের প্রধানমন্ত্রীকে সেখানকার বিমানবন্দরে কোনো অভ্যর্থনা দেওয়া হয়নি। তাকে স্বাগত জানাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী তো দূরের কথা, কোনো সিনিয়র সচিবকেও পাঠানো হয়নি। তাকে রীতিমতো অপমান করা হয়েছে। স্বাধীন দেশের নাগরিক হিসেবে এ বিষয়টি নিয়ে আমরা লজ্জিত, বিস্মিত।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণের অধিকার হরণ করে, আগের রাতে ভোট ডাকাতি করে কিংবা বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েও দাম্ভিকতার সহিত যিনি জনসম্মুখে বক্তব্য রাখতে পারেন, তিনি একটি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হয়েও পার্শ্ববর্তী দেশের কোনো প্রটোকল না পেলেও লজ্জিত না হয়ে যে উল্লসিত হবেন, এটাই স্বাভাবিক।

তিনি বলেন, এসব কর্মকাণ্ডে দেশবাসী লজ্জিত হয়। জাতি হিসেবে বাংলাদেশের জনগণের মান-সম্মানের হানি ঘটলেও প্রধানমন্ত্রীর টনক নড়ে না।

রিজভী বলেন, দেশ থেকে নয় লাখ কোটি টাকা পাচার হয়ে গেল। বালিশ, খাতা, কম্বল কেনার নাম করে লুটে নেওয়া হলো কোটি কোটি টাকা। লুটেরারা অধরাই থেকে গেল। অথচ মিথ্যা মামলায় দেশনেত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। বিচার বিভাগকে ব্যবহার করে দেশনেত্রীকে ধীরে ধীরে হত্যার চক্রান্ত চলছে। এই চক্রান্তের দায় কেউ এড়াতে পারবে না।

তিনি বলেন, পেঁয়াজ ও চালের দাম বেড়েই চলেছে। দেশে-বিদেশে পেঁয়াজ নিয়ে প্রধানমন্ত্রী রঙ্গরস করলেও বর্তমান বাজার পরিস্থিতি এখন স্বল্প আয়ের মানুষের জন্য আতঙ্কের। মাসের পর মাস পেরিয়ে গেলেও কোনো উন্নতি হয়নি নিত্যপণ্যের বাজারের।