ঢাকা সংবাদদাতা: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মো. ইউসুফ আলী শেখের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শাকিল হামজাকে মারপিট করে দেড় ঘণ্টা ওয়াশরুমে আটকে রাখার অভিযোগ ওঠেছে। আহত চিকিৎসক বর্তমানে ওই হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা করতে গেলেও থানা পুলিশ মামলা নেয়নি বলেও অভিযোগ করেছেন আহত চিকিৎসক।
চিকিৎসক ডা. শাকিল হামজা অভিযোগ করে বলেন, সোমবার হাসপাতালে রোগী দেখার সময় দুপুর পৌনে ১২টার দিকে একজন মহিলা (পুরাতন রোগী) এক যুবককে নিয়ে টিকিট ছাড়া রুমে প্রবেশ করেন। নতুন রোগীর চাপ থাকায় তাকে পরদিন আসার জন্য পরামর্শ দিই। তারা চলে যাওয়ার ৫-৭ মিনিট পর উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ শেখ কক্ষে প্রবেশ করেই আমাকে মারপিট শুরু করেন। আমাকে গলা টিপে ধরে লাথি মারতে মারতে টেনে হিঁচড়ে জরুরি বিভাগে নিয়ে যান। এ অবস্থায় আত্মরক্ষার্থে আমি জরুরি বিভাগের ওয়াশরুমে প্রবেশ করলে আমাকে সেখানে দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে সেখান থেকে বের হয়ে একটি ওষুধ কোম্পানির গাড়িতে পালিয়ে হাসপাতাল ত্যাগ করেছি।















