ঢাকা সংবাদদাতা: কিশোরীকে রাস্তা থেকে কৌশলে হোটেলে ডেকে নিয়ে ধর্ষণ করেছে দুই দুর্বৃত্ত। পরে তাকে হত্যারও চেষ্টা করা হয়। কক্সবাজারের সেন্টমার্টিনে একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের ফ্যান্টাসি নামে আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হোটেল থেকে মো. ইমরান ও রবি আলম ওরফে হাসু নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির এএসআই আজমীর ইলাহী বলেন, কিছু লোক রাতে একজন কিশোরীকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসেন। বিষয়টি শুনে হোটেল থেকে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
ওই কিশোরীর পরিবারের অভিযোগ, হোটেল ম্যানেজারসহ সেখানকার লোকজন এ ঘটনায় জড়িত।
ওই কিশোরীর অভিযোগ, রাস্তা থেকে তাকে কৌশলে ডেকে হোটেলের সীমানা প্রাচীরের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণ শেষে আটকে রেখে মুখে কাপড় বেঁধে একটি ড্রামে ঢুকিয়ে হত্যার চেষ্টা করলে সে চিৎকার করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।














