সারাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল

467

ঢাকা সংবাদদাতা: স্বাস্থ্য মন্ত্রণালয়সহ স্বাস্থ্যসেবা বিভাগ ও অন্যান্য সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের আসন্ন ঈদুল আজহার ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির কারণে তাঁদের ছুটি বাতিল করে নিজ নিজ কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতির কারণে আসন্ন ঈদের ছুটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের ঢাকার বাইরে যেতে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।
ভারপ্রাপ্ত সচিব বলেন, প্রতিদিনই নতুন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসকরা সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতিতে যেসব চিকিৎসক ট্রেনিংয়ে আছেন, তাঁদের ট্রেনিং থেকে নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।