ঢাকা সংবাদাদতা: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের বঁটির কোপে খুন হয়েছেন এক বাবা। নিহতের নাম শাহেদ আলী (৬০)।
সোমবার ভোর সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার ষোলোঘর ইউনিয়নের সেনপাড়ার দুর্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহেদ আলী ঢাকায় ভাঙাড়ির ব্যবসা করেন।
স্বজনদের বরাত দিয়ে শ্রীনগর থানার ওসি মো. ইউনুস আলী জানান, জাহিদ হাসান বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছিল।
প্রতিদিনের মতো বাবা শাহেদ আলী ফজরের নামাজ পড়ে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্নাঘরে স্ত্রীর কাছে ছেলেকে ওষুধ খাওয়ানোর কথা বলে উঠানে যেতেই জাহিদ হাসান তাকে বঁটি দিয়ে গলায় কোপ দেয়।
এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। শাহেদ আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জাহিদ হাসান বড়।
পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদ হাসানকে আটক করেছে বলে জানান ওসি।















