ওয়ানবাংলানিউজ ডেস্ক: মধ্যরাতে লন্ডনে দ্বিতল বাসে ভ্রমণের সময় চার তরুণের একটি দল এক ‘লেসবিয়ান’ জুটিকে উত্ত্যক্ত এবং মারধর করেছে।
গত ২৯ মে মধ্যরাতের পর মেলানিয়া গেমোনাট (২৮) ও তার মেয়েবন্ধু ক্রিস এন৩১ বাসে করে ক্যামডেন টাউনে যাচ্ছিলেন। পথে ওয়েস্ট হ্যাম্পসটেডে মধ্যরাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
পুলিশ বাসে থাকা প্রত্যক্ষদর্শী অন্যান্য যাত্রীদের এ ঘটনায় সাক্ষ্য দিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। বাসে তরুণদের একটি দল ওই দুই নারী সমলিঙ্গ জুটি বুঝতে পেরে তাদের উত্ত্যক্ত করতে শুরু করে বলে পরে ফেইসবুকে এক পোস্টে জানান গেমোনাট।
তিনি বলেন, “তারা যৌনতা নিয়ে অশ্লীল অঙ্গ-ভঙ্গি করতে থাকে এবং আমাদের চুমু খেতে বলে। “পরিস্থিতি ঠাণ্ডা রাখতে আমি কৌতুক করা শুরু করি। আমি ভেবেছিলাম এর ফলে তারা হয়তো চলে যাবে। এমনকি ক্রিস অসুস্থ বোধ করার ভানও করেছিল। কিন্তু তারা আমাদের উত্ত্যক্ত করতেই থাকে। তারা আমাদের দিকে কয়েন ছুড়ে মারে এবং আরো আগ্রাসী আচরণ করতে থাকে।”
গেমোনাট মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করলেও এক পর্যায়ে তিনি তার মেয়েবন্ধুকে ওই তরুণদের সঙ্গে মারামারি করতে দেখেন। “তার মুখ দিয়ে রক্ত পড়ছিল এবং তিন তরুণ তাকে পেটাচ্ছিল। আমি উদভ্রান্তের মত তাকে বাঁচাতে যাই।
“কেউ আমাকে প্রচণ্ড জোরে ঘুষি মারে এবং আমি মাথা ঘুরে পড়ে যাই। আমার এটুকুই মনে আছে। আমার জ্ঞান ছিল, নাকি ছিল না তা মনে পড়ছে না। হঠাৎ বাস থেমে যায় এবং পুলিশ সেখানে উপস্থিত হয়।”
ওই দলে অন্তত চারজন তরুণ ছিলেন বলে পরে পুলিশকে জানান গেমোনাট। তাদের মধ্যে একজন স্প্যানিশ ভাষা এবং বাকি দুইজন ইংরেজিতে ব্রিটিশ উচ্চারণে কথা বলেছিলেন বলেও জানান তিনি। প্রচণ্ড ঘুষিতে গেমোনাটের নাক ভেঙ্গে গেছে। তাদের দুইজনকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে।
তরুণরা তাদের মারধর করে একটি ফোন ও তাদের কাছে থাকা ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় স্কটল্যান্ড ইয়ার্ড তদন্ত শুরু করেছে।
লন্ডনের মেয়র সাদিক খান একে ‘অত্যন্ত ঘৃণ্য এবং নারী বিদ্বেষী হামলা’ বলে বর্ণনা করেছেন।
সূত্র: বিডিনিউজ















