আন্তর্জাতিক ডেস্ক: পুনরায় ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ফিলিস্তিনি ভূখণ্ডে আরও ইহুদি বসতি গড়ার বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিশ্রুতিকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে অভিহিত করেছে তুরস্ক।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেছেন, ইসরাইলের এ প্রয়াস গোটা মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করবে। খবর ডেইলি সাবাহর।
আগামী মঙ্গলবার ইহুদিবাদী রাষ্ট্রটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে জেতার জন্যই এমন গালভরা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন।
মেভলুত কাভুসগলু বলেন, পশ্চিমতীর হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ড। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে অঞ্চলটি দখল করে নেয় ইসরাইল। এর পর থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অঞ্চলটিকে নিজের দখলে রেখেছে অবৈধ ইহুদি রাষ্ট্রটি।
নেতানিয়াহুর এ বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ। জেনেভা কনভেনশন অনুসারে পশ্চিমতীরে ইসরাইলের বসতি স্থাপন অবৈধ। কারণ দখল করা ভূমিতে বসতি স্থাপনে আন্তর্জাতিক আইনে নিষেধ রয়েছে।
কিন্তু ইসরাইলের বক্তব্য হচ্ছে- ঐতিহাসিক, নিরাপত্তা, রাজনৈতিক সংযোগ ও বাইবেলের বিবরণ অনুসারে তারা এ বসতি স্থাপন করছেন।
ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের কঠোর সমালোচনা করছে গত ১৬ বছর ধরে তুরস্ক শাসন করে আসা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের একে পার্টি।
২০১৪ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা স্থগিত অবস্থায় রয়েছে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ।















