ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করবে বিএনপি।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে মিলাদ ও দোয়া মাহফিলে এ ঘোষণা দেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করা হয়েছে। তাঁকে সেখানে সুবিধামতো চিকিৎসা সেবা দেওয়া হয়নি। আমরা কেন্দ্রীয়ভাবে তাঁর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করছি।
রিজভী বলেন, বেগম জিয়ার রোগমুক্তি কামনায় আগামীকাল সারা দেশে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল হবে। সেই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় অনশন কর্মসূচি পালন করা হবে।
গতকাল সোমবার দুপুর পৌনে ১টায় পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হয়।
খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক বলেন, ‘গতকাল খালেদা জিয়া ভর্তি হয়েছেন। ২৪ ঘণ্টা হয়ে গেছে, তিনি ভালো আছেন। নতুন তথ্য দেওয়ার কিছু নাই। চিকিৎসকরা দেখেছেন, বোর্ডের প্রেসিডেন্ট দেখেছেন। গতকাল যে ওষুধগুলো দেওয়া হয়েছে, সেগুলো তিনি খাচ্ছেন। গতকালের চেয়ে আজকে উনার অবস্থা ভালো।’
মাহবুবুল হক আরো বলেন, ‘গতকাল যে সমস্যা নিয়ে এসেছিলেন, সব শুনেই ওষুধ দেওয়া হয়েছে। আজকে উনার অবস্থা গতকালের চেয়ে ভালো।’
বন্দি থাকার কারণেই কি উনার অসুস্থতা বেড়েছে কি না জানতে চাইলে পরিচালক বলেন, ‘প্রতিটি ডিজিসের এক্সপার্টরা হয়তো আলাদা করে বলতে পারতেন। এককথায় বলা ডিফিকাল্ট। এভাবে বলা কারো পক্ষেই সম্ভব হবে না। বয়সের সঙ্গে, সবকিছুর সঙ্গে ডিজিসের ব্যাপারটা ঘটে।’
এর আগে বিএনপির চেয়ারপারসন যথাযথ চিকিৎসা না পাওয়ার অভিযোগ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল বলেন, ‘আগের ব্যাপারে আমি নিজেও ছিলাম না। আমি এসেছি এখানে টু উইকস। সে ব্যাপারে আমি ডিটেইলস জানি না। না জেনে বলাটা ঠিকও হবে না। তবে গতকাল আসার পর এখন পর্যন্ত যা করছি, আমার মনে হয় চিকিৎসায় তিনি সন্তুষ্ট। তিনি চিকিৎসায় খুশি।’















