আমান ও আফরোজা আব্বাসের ভাগ্য জানা যাবে আজ

407

ঢাকা সংবাদদাতা: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের প্রার্থিতার বৈধতা সম্পর্কে আজ শনিবার শুনানি হবে। এর আগে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি নির্বাচন কমিশন।

শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১৫০ জনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনের মতো শুনানিতে তাদের ডাকা হয়নি। এতে ৭৮ জনের প্রার্থিতা বৈধ বলে রায় দেয় নির্বাচন কমিশন। আর ৬৩ জনের আপিল গৃহীত হয়নি।

তাদের আপিল নিষ্পত্তি না হওয়ায় ঢাকা-২ আসনে বিএনপি প্রার্থী আমান উল্লাহ আমান ও ঢাকা-৯–এর আফরোজা আব্বাসের ভাগ্য ঝুলে আছে। দণ্ডপ্রাপ্তির অভিযোগে আমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তারা।

আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়। তবে তার বিরুদ্ধে খেলাপি ঋণের অভিযোগ তুলে ইসিতে আপিল করা হয়। ইসি ঋণ সংক্রান্ত মূল নথি তলব করেছে।

জানা গেছে, আজ দুপুরের পর এ বিষয়ে আবার শুনানি হবে। আফরোজা আব্বাস ঋণখেলাপি বিবেচিত হলে তার মনোনয়নপত্র বাতিল হবে।

শুনানির প্রথম দিনে বৃহস্পতিবার ১৬০ জনের আপিল নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৮০ জনের প্রার্থিতা বৈধ বলে রায় দেয় কমিশন। বাকিদের মধ্যে ৪ জনের স্থগিত করা হয়। আর ৭৬ জনের মনোনয়নপত্র অবৈধই থাকে।