কাদের সিদ্দিকী আদর্শগতভাবে ঐক্যফ্রন্টের সঙ্গে আছেন: ড. কামাল

573

ঢাকা সংবাদদাতা: জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ রাজনৈতিক অবস্থার পরিবর্তন চাই। অর্থবহ পরিবর্তনের লক্ষ্যে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। রাজধানীর মোহাম্মদপুরে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বাসায় নৈশভোজ থেকে এক ব্রিফিংয়ে তিনি সংলাপ বিষয়ে এ আশা প্রকাশ করে।

কাদের সিদ্দিকীর বিষয়ে ড. কামাল বলেন, কৃষক শ্রমিক জনতা লীগ আদর্শগতভাবে সবসময়ই ঐক্যফ্রন্টের সঙ্গে আছে এবং থাকবে। ঐক্যফ্রন্টে কৃষক শ্রমিক জনতা লীগের অবস্থান কী হবে সে বিষয়ে ৩ নভেম্বর কাদের সিদ্দিকী ব্রিফ করবেন বলেও জানান গণফোরাম সভাপতি।

এর আগে বুধবার রাত ৮টার দিকে কাদের সিদ্দিকীর বাসায় নৈশভোজে যান ড. কামাল হোসেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।

গত ২৫ অক্টোবর রাতে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় গিয়ে তাকে দাওয়াত দিয়ে আসেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেদিন তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই।

এদিকে, কাদের সিদ্দিকীর বাসায় মঙ্গলবার রাতে বৈঠক করতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেড় ঘণ্টার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের বিষয়বস্তু তুলে ধরেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি জাতীয় স্বার্থে কাদের সিদ্দিকীর অবদান ও ভূমিকার প্রশংসা করেন এবং জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে অনুরোধ জানান।

বৈঠক শেষে এ বিষয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক জানান, জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের বিষয়ে আগামী দুই-একদিনের মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে হঠাৎ কাদের সিদ্দিকীর বাসায় ড. কামাল হোসেনের দাওয়াত নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোনো কিছু বলতে চাননি। তবে রাজনৈতিক মহলে শোরগোল চলছে, কাদের সিদ্দিকীও জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারেন। এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী জানান, ৩ নভেম্বর তার রাজনৈতিক অবস্থান সর্ম্পকে পরিষ্কার করবেন।

তিনি জানান, আগামী ৩ ডিসেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছেন। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আইনজীবী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীকেও আমন্ত্রণ জানানো হবে। এই সভা থেকে তিনি তার রাজনৈতিক অবস্থানও পরিষ্কার করবেন।