সিয়াম ও পূজা’র ভিন্ন রেকর্ড

1482

বিনোদন ডেস্ক: সিয়াম আহমেদ এবং পূজা চেরি, বাংলা ছবির দুই তরুণ তুর্কি। একসঙ্গে করলেন ‘পোড়ামন ২’। এটি জাজ মাল্টিমিডিয়ার প্রযোজিত ছবি। মুক্তি পেয়েছে গত ঈদে, অর্থাৎ ঈদুল ফিতরে।

শাকিব খানের ছবি ছাড়া দেশিয় অন্য যেসব ছবি ঈদ মৌসুমে মুক্তি পায় রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স ও যমুনার ব্লকবাস্টারে, সেসব বড়জোর তিন-চার সপ্তাহ চলে। কিন্তু এবারই ঘটলো ভিন্ন কিছু।

রেকর্ড গড়লো সিয়াম-পূজার ‘পোড়ামন ২’। স্টার সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টারে চললো যথাক্রমে টানা ১১ এবং ১০ সপ্তাহ। এটি বিলাসবহুল এই সিনেমা হল দুটির ইতিহাসে প্রথম ঘটনা। ঈদ মৌসুম ছাড়া অন্য মৌসুমের গল্প ভিন্ন।

স্টার সিনেপ্লেক্সে টানা ২৪ সপ্তাহ চলেছিলো অমিতাভ রেজা’র ‘আয়নাবাজি’। ১১ সপ্তাহ চলেছিলো দীপঙ্কর দীপনের ‘ঢাকা অ্যাটাক’।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ জানান, ‘ঢাকা অ্যাটাক’ কিংবা ‘আয়নাবাজি’ ছবির মুক্তির সময় ঈদ ছিল না। ঈদ ছাড়াই ছবিগুলো চলেছিলো। কিন্তু ‘পোড়ামন ২’ ঈদে মুক্তি পাওয়া ছবি। একটানা ১১ সপ্তাহ যাচ্ছে। বাংলা ছবির মধ্যে ‘পোড়ামন ২’-ই প্রথম ঈদের ছবি যেটা সিনেপ্লেক্সে টানা এতোদিন চলছে।

তিনি আরো বলেন, ‘পোড়ামন ২’ শুধু ঈদুল ফিতরেই নয়, ঈদ পরবর্তী সময়েও ভালো চলেছে। এমনকী এখনও চলছে।

এক ঈদে মুক্তি পেয়ে টানা পরের ঈদ পর্যন্ত সিনেপ্লেক্স কিংবা ব্লকবাস্টারে দেশিয় কোনো ছবি চলতে থাকা চাট্টিখানি কথা নয়। খুব একটা ঘটেও না এমন ঘটনা। অন্যদিকে সিয়াম আহমেদ এবং পূজা চেরিও খুব খুশি এমন ঘটনায়।

এর আগে ছবিটি সম্পর্কে জাজের কর্ণধার আবদুল আজিজ বলছিলেন, ‘এই ছবিটির মাধ্যমে আবারও প্রমাণ হচ্ছে দেশের দর্শকরা ভালো সিনেমা দেখতে চান। এমনকি যারা কোনও দিন সিনেমা হলে এসে ছবি দেখেননি, তারাও এই ছবিটির জন্য আসছেন। এটা একটি পারিবারিক ছবি। আমরা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে কঠোরভাবে বলেছি, যদি নারী দর্শকরা কোনও ধরণের অভিযোগ দেয়, ছবি প্রদর্শন বন্ধ করে দেবো’।

‘পোড়ামন ২’ ২০১৩ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজু পরিচালিত মাহি-সাইমন অভিনীত দর্শক সমাদৃত ছবি ‘পোড়ামন’-এর সিক্যুয়াল।