সরকারি চাকরি মানে মেহনতি মানুষের ট্যাক্সের পয়সায় বেতন: প্রধানমন্ত্রী

408

ঢাকা সংবাদদাতা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, সরকারি চাকরি মানে আমার দেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের ট্যাক্সের পয়সায় সবার বেতন, আরাম-আয়েশ সব কিছু। সুতরাং জনগণের সেবা করা, তাদের জন্য ভালো কিছু করার চিন্তাটা সবসময় মাথায় রাখতে হবে। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মেধা, যোগ্যতা, দক্ষতা, উদ্ভাবনী শক্তি দেশ গড়ার কাজে লাগাতে হবে। একটা সময় ছিল সরকারি চাকরি করলেও বেতন না করলেও বেতন। কাজ করলে করলাম, না করলে না করলাম, এ চিন্তাটা কখনো গ্রহণযোগ্য নয়।

শেখ হাসিনা বলেন, একটা সময় ছিল লাল ফিতার দৌরাত্ম্য। এখন অবশ্য লাল ফিতা ব্যবহার হয় না। সাদা ফিতা ব্যবহার হয়। সাদা ফিতা ব্যবহার হলেই কাজের গতি দ্রুত হবে তা যদিও নয়, কিন্তু ওই ফিতার দৌরাত্ম্যটা যেন না থাকে। কোনো কাজ যেন থেমে না থাকে, কোনো কাজ যেন পড়ে না থাকে।

তিনি আরো বলেন, আপনাকে একটা ফাইল দেওয়া হলো, এটা পড়ে থাকলো। হয় তো হারিয়েও গেল, ভুলেও গেল, এটা যেন না হয়। আবার এমন প্রকল্প না নিয়ে আসা, যেটার কার্যকারিতা খুব একটা নেই বা যাতে খুব একটা শুভফল পাওয়া যাবে না। যেভাবে কাজ করলে সঠিকভাবে জনসেবাটা নিশ্চিত হবে, সেভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা এগিয়ে যেতে চাই। সমৃদ্ধ হতে চাই। নতুন নতুন উপায় উদ্ভাবন করে দেশকে এগিয়ে নিতে হবে। জনসেবায় মেধা প্রয়োগ করতে হবে। জনকল্যাণ নিশ্চিত করতে হবে। এজন্য সরকার ইনোভেশন প্রকল্পও নিয়েছে। সরকারি কর্মকর্তারা অবশ্যই মেধাবী। মেধাবী বলেই তারা চাকরি পেয়েছেন। তাদের উদ্ভাবনী শক্তি নিয়ে নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখতে হবে।

তিনি আরো বলেন, আমাদের সময় শেষ। আগামী ডিসেম্বরে নির্বাচন। জনগণ ভোট দিলে আছি, না দিলে নেই। এ জন্য কোনো আক্ষেপ নেই। তবে দেশটাকে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছি সেটা যেন অব্যাহত থাকে।

জনপ্রশাসন সচিব ফয়েজ আহম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

অনুষ্ঠানে জনসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ এবার ব্যক্তিগত, দলগত ও প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে জাতীয় ও জেলা পর্যায়ের মোট ৩৯ জন কর্মকর্তা ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জনপ্রশাসন পদক’ পদক দেয়া হয়।