বাসের চাকায় থেঁতলে গেছে নার্সের পা

441

ঢাকা সংবাদদাতা: রাজাধানীর গুলিস্তান মোড়ে যাত্রীবাহী বাসের চাপায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের এক নার্সের ডান পা থেঁতলে গেছে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর নাম ঝুমুর আক্তার রাখি (৩২)। গতকাল শনিবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

রাখিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা গুলিস্তান আহাদ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শ (এএসআই) আবু রাশেদ জানান, গুলিস্তান মোড়ে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দয়াগঞ্জ থেকে মোহাম্মদপুরগামী মালঞ্চ পরিবহনের একটি বাসের চাকার নিচে পিষ্ট হয় ঝুমুরের ডান পা। পরে সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এএসআই জানান, চালকসহ বাসটি আটক করা হয়েছে।

মেয়ের দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মা তাছলিমা আক্তার। তিনি জানান, শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থাকেন তাঁরা। ঝুমুর সিনিয়র স্টাফ নার্স হিসেবে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চারতলায় কর্মরত। বিকেল ডিউটি শেষে তিনি বাসায় ফিরছিলেন। রাস্তায় গুলিস্তান মোড়ে রাস্তা পার হওয়ার সময় তাঁর মেয়ে দুর্ঘটনার শিকার হন।