রাজধানীসহ সারাদেশে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

791

ঢাকা সংবাদদাতা: রাজধানীসহ সারাদেশে আইনশৃ্ঙ্খলা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছে। সোমবার (১০ জুলাই) দিবাগত রাতে রাজধানীর মিরপুরে ও নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই জন ‘মাদক ব্যবসায়ী’ এবং রংপুর নগরীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ‘ডাকাত’ নিহত হয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি জানান, নারায়ণঞ্জের রুপগঞ্জ উপজেলায় একদল ব্যবসায়ী মাদক পাচার করছে- এমন সংবাদে মধ্যরাতে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে রাজধানীর শীর্ষ ও কুখ্যাত মাদক ব্যবসায়ী জেনেভা ক্যাম্পের নাদিম ওরফে পঁচিশ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এদিকে রাজধানীর মিরপুরের শাহ আলী থানার বেড়িবাঁধ এলাকায় তামান্না পার্কের সামনে র‌্যাব-৪ এর চেকপোস্ট পার হবার সময় দুই জন মোটর সাইকেল আরোহীকে থামার নির্দেশ দেয় র‌্যাব সদস্যরা। মোটর সাইকেল না থামিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় ঐ দুই আরোহী। র‌্যাব পাল্টা গুলি চালালে একজন আহত হন। অপরজন পালিয়ে যান।

মানিব্যাগে থাকা পরিচয়পত্র দেখে নিহত ব্যক্তি পাইলট বাবু বলে নিশ্চিত করে র‌্যাব। তার পকেটে ৬ হাজার ইয়াবা পাওয়া যায়। র‌্যাব জানায়,পাইলট বাবু মাদক ব্যবসায়ী এবং রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে।

এদিকে আমাদের রংপুর প্রতিনিধি জানান, নগরীর হাজিরহাট এলাকায় রাত ৩টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দু’টি দেশীয় ছোরা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে নগরীর হাজিরহাট পাগলাপীরগামী সড়কের পাশে মেজরের গলির তেলির ব্রিজ সংলগ্ন এলাকায় একদল লোক ডাকাতির উদ্দেশ্যে সমবেত হচ্ছিল-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। পুলিশও নিজেদের রক্ষার্থে পাল্টা ৫ থেকে ৬ রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় ঘটনাস্থলেই বেলাল হোসেন (৪০) নিহত হন। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত ডাকাত বেলাল হোসেন উত্তম বেতার পাড়ার মৃত ইসহাক ওরফে আতার ছেলে। রংপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোখতারুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বেলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা ও ছিনতাইসহ ১৮টি মামলা রয়েছে।