আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার বিষয়টি উপেক্ষা করে প্রত্যাবাসন প্রশ্নে জাতিসংঘ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত গোপন সমঝোতা চুক্তির খসড়া ফাঁস হয়ে গেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অনলাইনে ছড়িয়ে পড়া ওই চুক্তির খসড়ার যথার্থতা নিশ্চিত করেছে। তারা ওই নথি পর্যালোচনা করে জানিয়েছে, খসড়া চুক্তিতে রোহিঙ্গাদের জাতিগত স্বীকৃতি মেলেনি। উপেক্ষিত হয়েছে তাদের নাগরিকত্বের দাবি-ও। জাতিসংঘ তাদের প্রাতিষ্ঠানিক নীতির আওতায় গোপনীয় বিষয় ফাঁস হওয়ার পর তা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
মে মাসের শেষ নাগাদ বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা মুসলিমকে স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) চুক্তি স্বাক্ষর করেছে জাতিসংঘ। চুক্তির বিস্তারিত এখনও প্রকাশিত না হলেও তা ইতোমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে।
রয়টার্স জানিয়েছে, তারা দুইটি বেসরকারি আন্তর্জাতিক সংস্থার সূত্রে নিশ্চিত হয়েছে এটিই মিয়ানমার-জাতিসংঘ সমঝোতার খসড়া। ওই সমঝোতা চুক্তি স্বাক্ষরের একদিন আগে খসড়াটি প্রস্তুত করা হয়। তবে তার আগেই এর মূল ভাষ্য রচিত হয়েছিল কূটনীতিক ও বেসরকারি সংস্থাগুলোর জন্য দেওয়া জাতিসংঘ শরণার্থী কমিশনের ব্রিফিং-এ। সেই নথিও রয়টার্সের হাতে এসেছে। প্রত্যাবাসন প্রশ্নে শরণার্থী কমিশনের একটি চিঠির অনুলিপিও পেয়েছে রয়টার্স।
ব্রিটিশভিত্তিক সংবাদ মাধ্যম শুক্রবার ফাঁস হয়ে যাওয়া সমঝোতা স্মারকটি () পর্যবেক্ষণ করেছে। এটি এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে।
মিয়ানমার কর্তৃপক্ষ ও জাতিসংঘের মধ্যকার সমঝোতা স্মারকটির (এমওইউ) অনুলিপি পর্যালোচনার পর রয়টার্স জানিয়েছে, সই হওয়া গোপন চুক্তিতে দেশটিতে ফেরত যাওয়া রোহিঙ্গাদের নাগরিকত্ব কিংবা সারা দেশে স্বাধীনভাবে চলাচলের কোনো প্রকাশ্য নিশ্চয়তা নেই। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।















