আন্তর্জাতিক ডেস্ক: নাগরিকত্ব সংশোধন আইনের প্রতিবাদ করতে গিয়ে ভারতে নিহত হয়েছেন কমপক্ষে তিনজন। গ্রেপ্তার করা হয়েছে হাজারো মানুষকে। অনলাইন বিবিসি এ খবর দিয়ে বলছে, ম্যাঙ্গালোরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে নিহত হয়েছেন দু’জন। সেখানে একটি পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করছিল বিক্ষোভকারীরা। বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে রাজধানী দিল্লির অংশ বিশেষে, পুরো উত্তর প্রদেশ ও কর্নাটকে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেসব স্থানে গতকাল বিক্ষোভ করেছে জনগণ।
উল্লেখ্য, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু, যারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, তাদেরকে নাগরিকত্ব দেয়ার জন্য ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধন করে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার। কিন্তু এ আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, অধিকারকর্মীরা।
তারা বলছেন, আইনটি ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের বিরোধী। এর মধ্য দিয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। কারণ, নাগরিকত্ব সংশোধন আইনে শুধু মুসলিমদের বাদ রাখা হয়েছে। তাদের যুক্তি নাগরিকত্ব নির্ধারণে শুধু ধর্মবিশ^াসকে ভিত্তি করা উচিত নয়। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বহু বলিউড তারকা। কিন্তু সমালোচক, সচেতন মহলের এই উদ্বেগ প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেছেন, বিরোধীরা মিথ্যা ছড়িয়ে দিচ্ছে। আইনটি হওয়ার আগে থেকে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদে বিক্ষোভ হয়ে আসছে। বিক্ষোভের বিষয় নিয়ে আলোচনার জন্য বৈঠক আহ্বান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।















