দেশের কোথাও যানজট হবে না : কাদের

416

ঢাকা সংবাদদাতা: ঈদের আগে-পরে রাস্তার জন্য দেশের কোথাও যানজট হবে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে, ফিটনেসবিহীন গাড়ি যানজটের কারণ হতে পারে। ফিটনেসবিহীন গাড়ি তৈরি নিয়ে পুলিশ ও বিআরটিএ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে বলেও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর মাতুয়াইলে ফিটনেসবিহীন গাড়ি তৈরির কারখানায় অভিযান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাস্তার জন্য এবার ঈদে যানজট হওয়ার কোন কারণ নেই। বাংলাদেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না। কিন্তু ফিটনেসবিহীন গাড়িগুলো যানজট সৃষ্টি করতে পারে। কারণ রাস্তায় যদি গাড়ি বিকল হয়ে যায় রেকার এসে সরাতে সরাতে দীর্ঘ যানজট হয়ে যায়।

সেতুমন্ত্রী আরো বলেন, এগুলো দেখার দায়িত্ব ছিল বিআরটিএ’র। তারা এ ব্যাপারে কেন নাকে তেল দিয়ে ঘুমিয়েছে? এটা তো বিপদজনক একটা বিষয়। ঈদের সময় কোটি মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে যাবে। এ সময় ফিটনেসবিহীন গাড়িগুলো রংচং চড়িয়ে রাস্তায় নামানো হয়। তাই বিআরটিএকে বলবো এখন তাদের প্রধান কাজ হলো ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে। এখানে অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ী যাতে রাস্তায় না আসে এর জন্য উৎস মূখ বন্ধ করতে হবে।

ঈদের আগে রাজধানীতে সব ধরণের খোঁড়াখুঁড়ি বন্ধের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ওয়াসা-ডেসাসহ সকলকে আমি অনুরোধ করছি, ঈদের আগে পরে যেন এসব না হয়।