ঢাকা সংবাদদাতা: আজ শনিবার কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হবে না। নতুন নেতৃত্বের নাম গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেয়া হয়েছে। যাচাই বাছাই করে দুই একদিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হবে।
বললেন ছাত্রলীগের বিদায়ী সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। শনিবার বিকেলে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১২ মে) রাজধানীর আইইবিতে বেলা সাড়ে দশটার পর নেতৃত্ব নির্বাচনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।
এ সময় সম্মেলন প্রস্তুত কমিটির নির্বাচন কমিশনের আহ্বায়ক আরিফুর রহমান যাদের বয়স ২৮ বছর অতিক্রম করেছে তাদের প্রার্থীতা বাতিল করেছেন।
কাউন্সিল অধিবেশনে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন উপস্থিত ছিলেন।
পরে ১১টার দিকে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘আমাদের দুপুরের খাবারের বিরতি আছে। একই সঙ্গে নেত্রীর পরামর্শ জানতে আমরা গণভবনে যাচ্ছি। সেখান থেকে এসে আমরা আপনাদের সিদ্ধান্ত জানাব। সে পর্যন্ত দ্বিতীয় অধিবেশন মুলতবি করা হলো।’
মুলতবি ঘোষণার পর শীর্ষ নেতাদের নিয়ে সোহাগ গণভবনে যান।
এর আগে গতকাল শুক্রবার বিকেলে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় তিনি বলেন, স্যাক্রিফাইস করাটা শিখতে হবে। আমি চাই, তোমরা সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নিয়ে আসো। তোমরা নিজেরাই বসো।’ তিনি নেতৃত্বের বয়স ২৮ বছরও নির্ধারণ করে দেন।















