ঢাকা সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। অপর তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। সেই সাথে সবাইকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কাঠগড়ায় চারজন আসামী উপস্থিত ছিলেন। পরে কঠোর নিরাপত্তায় তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা সবাই জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ত।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, রাবির ইংরেজী বিভাগের ছাত্র শরিফুল ইসলাম ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাসকাওয়াত হোসেন। এদের মধ্যে শরিফুল ইসলাম পলাতক রয়েছে। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স বিভাগের শিক্ষার্থী রহমতুল্লাহ ওরফে শাহিন, নগরীর খড়খড়ি বাইপাস এলাকার আবদুস সাত্তার ও তার ছেলে খায়রুল ইসলাম ওরফে রিপন। এদের মধ্যে শরিফুল ও মাসকাওয়াত এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করেন। বাকিরা সহযোগিতা করেন।
রায় ঘোষণা শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু বলেন, এই রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আশা করেন উচ্চ আদালতে যেন এই বহাল রাখা হয়।
আদালত সূত্রে জানা যায়, মামলার অভিযুক্ত ৮ আসামির মধ্যে খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ও তারেক হাসান এরই মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। অভিযুক্ত অন্যরা হলেন বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ, নীলফামারীর মিয়াপাড়ার রহমত উল্লাহ, রাজশাহীর নারিকেলবাড়িয়া এলাকার আবদুস সাত্তার ও তার ছেলে রিপন আলী, রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম। হত্যার মূল পরিকল্পনাকারী শরিফুল ইসলাম এখনও পলাতক। আবদুস সাত্তার জামিনে রয়েছেন। আর বাকি আসামিরা কারাগারে রয়েছেন। মামলায় মোট ২৬ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদন্ত শেষে ২০১৬ সালের ৬ নভেম্বর ৮ জনকে আসামি করে তদন্তকারী কর্মকর্তা রাজশাহীর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক রেজাউস সাদিক আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
নিহত শিক্ষক রেজাউল করিমের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে। তবে শরিফুল বাবা হত্যার মূল পরিকল্পনাকারী। কিন্তু সে এখনও গ্রেপ্তার হয়নি। তাকে গ্রেপ্তার করে শাস্তি কার্যকর করার দাবি জানান শতভি।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয় রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে। ঘটনার পরদিন নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তভার দেয়া হয় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশকে।















