ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গুলি করে হত্যা

584

ঢাকা সংবাদদাতা: নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজুল হককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার আলীনগর আড়াকান্দা নামক স্থানে এই ঘটনা ঘটে।

রায়পুরা উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সিরাজুল হক ছয়বার ইউপি চেয়ারম্যান ছিলেন।

জানা যায়, চেয়ারম্যান সিরাজুল হককে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে বাঁশগাড়ি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত পথরোধ করে। এরপর তাকে গুলি করে এবং কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বাঁশগাড়ি ইউনিয়নে আধিপত্য নিয়ে আগে থেকেই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। প্রাথমিকভাবে এই ঘটনার জের ধরেই হামলা হতে পারে বলে আমরা ধারণা করছি। পুলিশ সরেজমিনে পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম বলেন, তার লাশ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখান থেকে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে, বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আশা করছি খুব শিগগিরই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে।