খেলাধুলা ডেস্ক: ক্রিস গেইল ঝড়ে বৃহস্পতিবার হেরে গেছে সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ। এই ক্যারিবিয়ান ক্রিকেটারের অতিমানবীয় ব্যাটিংয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে ১৫ রানে হেরেছে অরেঞ্জ আর্মিরা। তবে দল হারলেও সুপার খেলেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর নিজের এই সুপার পারফর্মেন্সের জন্য জিতে নিয়েছেন সুপার স্ট্রাইকার অব দ্য ম্যাচের পুরস্কার। শেষদিকে ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে এ পুরস্কার জেতেন তিনি।
ক্রিস গেইল তাণ্ডবে প্রথমে ব্যাট করে ১৯৩ রান করে পাঞ্জাব। ৬৩ বলে ১ চার ও ১১ ছক্কায় ১০৪ রান করেন ক্যারিবীয় ব্যাটার। এবারের আইপিএলে এটিই প্রথম সেঞ্চুরি। জবাবে ব্যাট করতে নেমে ১৫ রানে হারে হায়দরবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসন (৫৪) ও মনিশ পান্ডে (৫৭*) তুলে নেন ফিফটি। শেষ দিকে ব্যাটিংয়ে এসেও আমাদের সাকিব করেছেন ২৪ রান।
কালকের খেলায় সবার নজর কেড়েছে সাকিবের ইনিংসটিই। বিশ্বসেরা অলরাউন্ডার ব্যাটিংয়ে নামেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে। রান রেটে আকাশচুম্বী চাপে তখন মেরে খেলা ছাড়া উপায় ছিল না। কিন্তু সাহস হারাননি মোটেও। সমানে পিটিয়ে তুলোধুনো পাঞ্জাবের বোলারদের। শেষ দিকে ১ চার ও ২ ছক্কায় ১২ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।
তাই আফসোস নিয়ে অনেকেই বলেছেন, ইশ! সাকিবকে যদি আরো আগে নামানো যেত, তাহলে হয়ত ফলাফলটা অন্যরকমও হতে পারত।















