লিভারপুলের মাঠে ম্যানসিটির হার

432

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে ম্যানসিটিকে উড়িয়ে সেমির পথে এক পা দিয়ে রাখলো লিভারপুল। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটিকে ৩-০ গোলের হার উপহার দেয় ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।

ম্যাচের আগেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে অ্যানফিল্ডে। ম্যানসিটির খেলোয়াড়দের বাসে বোতল, ফ্লেয়ার এসব ছুঁড়েছিল লিভারপুলের সমর্থকেরা। যদিও এর জন্য ক্ষমা চেয়েছেন ইয়ুর্গেন ক্লপ।

শুরু থেকেই এগিয়ে ছিল ম্যানসিটি। তবে ম্যাচের ১২ মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। এরপর ২০ মিনিটে দুর্দান্ত একটি গোল করেন লিভারপুলের মিডফিল্ডার অ্যালেক্স অক্সেলেড-চেম্বারলিন। ২০ গজ দূর থেকে তার নেয়া শট এডারসনকে পরাজিত করে জড়িয়ে যায় জালে।

৩১ মিনিটে সালাহের ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান ৩-০ করেন সেনেগালের উইঙ্গার সাদিও মানে। এরপর ম্যাচের বাকি অংশে কোন গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

আগামী মঙ্গলবার সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ।