ভারতের ২৪ বিমানবন্দরে বাংলাদেশিদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার

1141

ঢাকা সংবাদদাতা: ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর ও দুটি চেকপোস্টে বাংলাদেশি নাগরিকদের প্রবেশ বা বহির্গমনের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

আজ সোমবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর এবং হরিদাসপুর ও গেদের সমন্বিত চেকপোস্ট (আইসিপি) দিয়ে যাতায়াতকারী বাংলাদেশের নাগরিকদের ভিসায় প্রবেশ/প্রস্থান নিষেধাজ্ঞা অপসারণ করা হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে আহমেদাবাদ, আমৌসি (লখনৌ), বারানসি, বেঙ্গালুরু, কালিকট, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটোর, ডাবোলিম (গোয়া), দিল্লি, গয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, অমৃতসর, ত্রিচি, ত্রিবান্দ্রম, বাগডোগরা ও চণ্ডিগড়।

ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও যাতায়াতকে আরো সুগম করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় দূতাবাস।