পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

453

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আবদুর রব হাওলাদার তালিকাভুক্ত ডাকাত।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে শ্রীপুর উপজেলার পটকা এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক জয়নাল আবেদীন জানান, গত রাত সোয়া ৩টার দিকে শ্রীপুর উপজেলার পটকা এলাকায় আঞ্চলিক সড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি বুঝতে পেরে টহল পুলিশ সেখানে উপস্থিত হয়। এ সময় পুলিশ সদস্যদের বহনকারী পিকআপে হামলা করে ডাকাত সদস্যরা। পুলিশও পাল্টা শটগানের গুলি ছোড়ে। উভয় পক্ষের গুলি ছোড়াছুড়ির সময় পুলিশের তালিকাভুক্ত ডাকাত আবদুর রব হাওলাদার তার সঙ্গীদের গুলিতে গুরুতর আহত হন।

এ ছাড়া আহত হন পুলিশের উপপরিদর্শক শহীদুল ইসলাম মোল্লাসহ তিন পুলিশ সদস্য। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা ডাকাত আবদুর রব হাওলাদারকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দেশি অস্ত্র ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

নিহত আবদুর রব হাওলাদারের বিরুদ্ধে নয়টি ডাকাতির মামলাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি থানায় ১৬টি মামলা রয়েছে বলে জানান এএসআই জয়নাল।