লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কড়া প্রতিবাদপত্র

767

ঢাকা সংবাদদাতা: লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক বাংলাদেশি রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার দৈখাওয়া এ ঘটনা ঘটে। নিহতের নাম শফিকুল ইসলাম (২৬)। তিনি হাতীবান্ধা উপজেলার আমঝোল এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘আমি ঘটনাস্থলের পথে রওয়ানা হয়েছি। এ ঘটনায় কড়া প্রতিবাদপত্র পাঠিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সব খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

এলাকাবাসী জানায়, হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের ৯০৫ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলারের নিকট দিয়ে শফিকুল ইসলাম গুরু আনতে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম নিহত হয়।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভারতীয় গরু পারাপারকারী রাখালদের সহযোগিতায় কয়েকজন বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। সেসময় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম মারা যায়।