পেনশনভোগীদের থেকে মাসে ৩৩ পাউন্ড কাটবে HMRC…

3

সাইফ হাসান: যুক্তরাজ্যে যেসব স্টেট পেনশনভোগীর বার্ষিক আয় ৩৫ হাজার পাউন্ডের বেশি, তাদের কাছ থেকে উইন্টার ফুয়েল পেমেন্টের অর্থ ফেরত নেবে ব্রিটিশ রাজস্ব বিভাগ HMRC। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত সীমার বেশি আয় করা পেনশনভোগীদের ট্যাক্স কোড পরিবর্তন করে মাসে প্রায় ৩৩ পাউন্ড করে বাড়তি কর কাটা হবে। তবে কেউ চাইলে আগেভাগেই এই ভাতা না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে বাড়তি করের ঝামেলা এড়াতে পারবেন। সরকারের নতুন এই পদক্ষেপের ফলে প্রায় ২০ লাখ পেনশনভোগী সরাসরি প্রভাবিত হবেন।

এইচএম ট্রেজারির প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, আগে সবার জন্য উইন্টার ফুয়েল পেমেন্ট উন্মুক্ত থাকলেও ২০২৪ সালে তা শুধু পেনশন ক্রেডিট প্রাপ্তদের জন্য সীমাবদ্ধ করা হয়েছিল। ব্যাপক সমালোচনার মুখে সেই নিয়ম বদলে এখন সবাইকে ভাতা দিয়ে উচ্চ আয়ের পেনশনভোগীদের কাছ থেকে করের মাধ্যমে তা ফেরত নেওয়ার ব্যবস্থা চালু হয়েছে।

HMRC জানিয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত যারা ২০০ পাউন্ড ভাতা পেয়েছেন, তাদের ২০২৬-২৭ অর্থবছরের ট্যাক্স কোড বদলে মাসে প্রায় ১৭ পাউন্ড করে কাটা হচ্ছে। তবে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ অর্থবছরে যারা ভাতা নেবেন, তাদের কাছ থেকে দুই বছরের অর্থ একসাথে সমন্বয় করতে ২০২৭ সালের এপ্রিল থেকে মাসে প্রায় ৩৩ পাউন্ড করে কাটা হবে।

রাজস্ব বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, বেশিরভাগ পেনশনভোগীর ট্যাক্স কোড পরিবর্তনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এই অর্থ কেটে নেওয়া হবে। আর যারা সেলফ অ্যাসেসমেন্টের আওতায় আছেন, তাদের ট্যাক্স রিটার্নের মাধ্যমে এই হিসাব মেটাতে হবে। পেনশনভোগীদের সুবিধার্থে অনলাইনে একটি ক্যালকুলেটরও যুক্ত করা হয়েছে।

#যুক্তরাজ্যসংবাদ #পেনশন #ট্যাক্স #aknews #onebanglanews