ইংল্যান্ডে প্রতিদিন হাজার মানুষ ক্যানসারে আ*ক্রান্ত হচ্ছে…

50

সাইফ হাসান: ইংল্যান্ডে ক্যানসার শনাক্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির জাতীয় স্বাস্থ্য সেবা বা এনএইচএসের পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মানুষ এই মরণব্যাধিতে আ*ক্রান্ত বলে শনাক্ত হচ্ছেন। স্বাস্থ্য বিভাগ বেশি রোগী শনাক্ত করতে পারলেও নির্দিষ্ট সময়ের মধ্যে সেবা ও চিকিৎসা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। রোগ ধরা পড়ার পরও কাঙ্ক্ষিত সময়ে চিকিৎসা না পেয়ে বহু মানুষের জীবন ঝুঁকির মুখে পড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এনএইচএসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইংল্যান্ডে তিন লাখ ৭৩ হাজারের বেশি মানুষের দেহে ক্যানসার ধরা পড়ে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। গড়ে প্রতিদিন এক হাজার ২১ জন রোগী শনাক্ত হয়েছেন, যেখানে ২০২৩ সালে এই সংখ্যা ছিল দৈনিক ৯৭২ জন। এর মধ্যে প্রোস্টেট, স্তন, ফুসফুস এবং অন্ত্রের ক্যানসারেই আক্রান্ত হয়েছেন মোট রোগীর অর্ধেকেরও বেশি।

এনএইচএসের ক্যানসার বিভাগের জাতীয় ক্লিনিক্যাল ডিরেক্টর অধ্যাপক পিটার জনসন বলেন, স্বাস্থ্যকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দ্রুত পরীক্ষা-নিরীক্ষা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তবে আশঙ্কাজনক বিষয় হলো, রোগী দ্রুত শনাক্ত হলেও সময়মতো চিকিৎসা নিশ্চিত করতে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে এনএইচএস। জরুরি রোগীদের ক্ষেত্রে ২৮ দিনের মধ্যে রোগ নিশ্চিত হওয়ার লক্ষ্যমাত্রা ৮০ শতাংশ হলেও তা রয়েছে ৭৮ দশমিক ৬ শতাংশে, আর ৬২ দিনের মধ্যে চিকিৎসা শুরুর হার নেমে দাঁড়িয়েছে ৭১ দশমিক ৯ শতাংশে।

ক্যানসার রিসার্চ ইউকের পলিসি নির্বাহী পরিচালক ড. ইয়ান ওয়াকার ক্ষোভ প্রকাশ করে জানান, সরকারের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে হলে স্বাস্থ্যখাতে বিশেষজ্ঞ কর্মী ও আধুনিক সরঞ্জামের সংকট দ্রুত মেটাতে হবে। রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানসের বিশেষজ্ঞ ড. হিলারি উইলিয়ামস জানান, বয়োবৃদ্ধ জনগোষ্ঠীর পাশাপাশি স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণেও ক্যানসারে আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।

ম্যাকমিলান ক্যানসার সাপোর্টের কর্মকর্তা স্টিভেন ম্যাকইন্টশ সতর্ক করে বলেন, একজন মানুষ কোথায় বাস করেন এবং তার আর্থসামাজিক অবস্থা কেমন, তার ওপর নির্ভর করছে তার দ্রুত রোগ শনাক্ত হওয়া এবং বেঁচে থাকার সম্ভাবনা। অন্যদিকে ব্রেস্ট ক্যানসার নাউ-এর উপ-প্রধান নির্বাহী র‌্যাচেল ফ্র্যাঙ্কলিন নারীদের যেকোনো অস্বাভাবিক উপসর্গে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার এবং সময়মতো স্ক্রিনিং করানোর জোর আহ্বান জানিয়েছেন।

#ক্যানসার #যুক্তরাজ্যস্বাস্থ্যসেবা #এনএইচএস #aknews #onebanglanews