দীর্ঘ নয় বছর পর ভারতের কারাগার থেকে মুক্ত হলেন ব্রিটিশ এক্টিভিস্ট

39

সাইফ হাসান: ভারতের রাজধানী দিল্লির তিহার কারাগার থেকে দীর্ঘ নয় বছর পর জামিনে মুক্তি পেয়েছেন ব্রিটিশ নাগরিক জগতার সিং জোহাল। দেশটির উচ্চ আদালতের কঠোর হুঁশিয়ারি ও আদালত অবমাননার সতর্কবার্তার পর বৃহস্পতিবার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়। স*ন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালের ৪ নভেম্বর তাকে গ্রেপ্তার করেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে দীর্ঘ এই সময়ে কোনো পূর্ণাঙ্গ বিচার ছাড়াই তাকে কারাবন্দী রাখা হয়েছিল। জামিনের সব শর্ত পূরণ করা সত্ত্বেও তাকে আটকে রাখায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেন আদালত।

গত ১৮ সেপ্টেম্বর ভারতের আদালত ব্রিটিশ শিখ কর্মী জগতার সিং জোহালকে জামিন মঞ্জুর করলেও কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষার অজুহাত দেখিয়ে তাকে আটকে রাখার বিরুদ্ধে হাইকোর্টে হেবিয়াস কর্পাস আবেদন করেন তার আইনজীবীরা। এরপরই বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট নির্দেশ দেয়, দুপুর আড়াইটার মধ্যে তাকে মুক্তি না দিলে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে। শেষ পর্যন্ত তিন ঘণ্টার সময়সীমা পার হওয়ার পর বিকেলে কারাগার থেকে মুক্ত হন জোহাল।

ভারতের নিরাপত্তা সংস্থার অভিযোগ ছিল, ২০১৬ ও ২০১৭ সালের দিকে পাঞ্জাবে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের জন্য যুক্তরাজ্য থেকে ফ্রান্সে তিন হাজার পাউন্ড পাঠিয়েছিলেন জোহাল। খালিস্তান লিবারেশন ফোর্সের সঙ্গে জড়িত থেকে তিনি চরমপন্থি তৎপরতায় অর্থায়ন করেছেন বলে দাবি করা হয়। তবে মানবাধিকার সংস্থা রিপ্রিভ জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ আদালতে কোনো বিশ্বাসযোগ্য সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘ নয় বছরেও মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করা সম্ভব হয়নি।

এদিকে জামিন পেলেও জোহালকে পাসপোর্ট জমা রাখা, পাঁচ লাখ রুপির বন্ড এবং পাঞ্জাবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাসহ মোট ১১টি কঠোর শর্ত মানতে হবে। জোহালের ভাই গুরপ্রীত সিং জানান, দীর্ঘ নয় বছরের লড়াইয়ের পর তার ভাইকে কারাগারের বাইরে দেখতে পেয়ে স্বস্তি মিলেছে, তবে বিচার প্রক্রিয়ার নামে এখনো তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ঝুঁকি রয়ে গেছে। মানবাধিকার কর্মীরা শুরু থেকেই অভিযোগ করে আসছেন যে, জোহালের স্বীকারোক্তি শারীরিক নির্যাতনের মাধ্যমে আদায় করা হয়েছিল।

#aknews #onebanglanews #দিল্লিসংবাদ #আন্তর্জাতিকখবর #ভারতযুক্তরাজ্য